বাবা, কেমন আছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে ঋদ্ধিমার সঙ্গে ঋষি কাপুর
মেয়ে ঋদ্ধিমার সঙ্গে ঋষি কাপুর

‘কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছি। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সবার কাছে অনুরোধ, আমার জন্য ভাববেন না। শিগগিরই ফিরব।’ টুইটারে লিখেছিলেন ঋষি কাপুর। গত ২৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। এরপর থেকে বলিউডের বরেণ্য এই অভিনেতার অসুস্থতা নিয়ে নানা কথা শোনা যায়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ঋষি কাপুরের দেহে ক্যানসার ধরা পড়েছে। তিনি তৃতীয় পর্যায়ের ক্যানসারে ভুগছেন। আর ক্যানসারের চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর সঙ্গে আছেন স্ত্রী নীতু সিং কাপুর আর ছেলে রণবীর কাপুর।

প্রিয়াঙ্কা চোপড়া, ঋষি কাপুর ও নীতু সিং
প্রিয়াঙ্কা চোপড়া, ঋষি কাপুর ও নীতু সিং

ঋষি কাপুর যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাঁর মা কৃষ্ণা রাজ কাপুর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের শেষকৃত্যে থাকতে পারেননি তিনি। তখন তাঁর অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমে আরও নানা কথা শোনা যায়। এরপর ঋষি কাপুরের বড় ভাই রণধীর কাপুর ভারতের এক দৈনিককে বলেছেন, ‘ঋষির এখনো কিছু টেস্ট বাকি আছে। আমরা এখন পর্যন্ত জানি না, ওর কী ধরনের শারীরিক সমস্যা হচ্ছে, আর ঋষির কী অসুখ হয়েছে। এমনকি ঋষি নিজেও জানে না ওর কী হয়েছে। আমরা যতটুকু জানি, ওর এখনো প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শুরু হয়নি।’

এত দিন বাবার পাশেই ছিলেন রণবীর কাপুর। এখন তিনি ছবির শুটিংয়ের জন্য ভারতে ফিরে এসেছেন। আর বাবা-মায়ের কাছে যান মেয়ে ঋদ্ধিমা। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বাবা একদম ঠিক আছেন। চিন্তার কোনো কারণ নেই। বাবাকে নিয়ে আমিও যে খুব চিন্তিত, তা নয়। কিছু রুটিন চেকআপের জন্য তিনি নিউইয়র্কে আছেন। আশা করছি, সবকিছু ভালোভাবে মিটে যাবে।’

সোনালি বেন্দ্রে আর তাঁর পরিবারের সঙ্গে ঋষি কাপুর ও নীতু সিং
সোনালি বেন্দ্রে আর তাঁর পরিবারের সঙ্গে ঋষি কাপুর ও নীতু সিং

জানা গেছে, হাসপাতাল নয়, ঋষি কাপুরকে সেখানে একটি বাসায় রাখা হয়েছে। বাবার থাকা ও খাওয়াদাওয়ার যেন কোনো অসুবিধা না হয়, তাই নিউইয়র্কে একটি বাসা ভাড়া করেছেন রণবীর কাপুর। এই বাসায় গিয়ে ঋষি কাপুরের সঙ্গে দেখা করেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, সোনালি বেন্দ্রে, জাভেদ আখতার, অনুপম খের। তাঁরা ঋষি কাপুরের সঙ্গে সময় কাটিয়েছেন।