বাবা দিবসে তারকা সন্তানদের বাবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশ ভাটের সঙ্গে আলিয়া ভাট
মহেশ ভাটের সঙ্গে আলিয়া ভাট

হিন্দি চলচ্চিত্রশিল্পে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে বিচরণ করছেন গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার, চলচ্চিত্রনির্মাতা মহেশ ভাট ও ডেভিড ধাওয়ান, অভিনেতা শক্তি কাপুর ও জ্যাকি শ্রফ। তাঁদের প্রত্যেকের সন্তানই হিন্দি চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িয়েছেন। পেয়েছেন সাফল্য। সন্তানের সাফল্যে গর্বিত জাভেদ আখতার, মহেশ ভাট, ডেভিড ধাওয়ান, শক্তি কাপুর ও জ্যাকি শ্রফ। আজ বাবা দিবস। বিশেষ এই দিনটির তাৎপর্য, সন্তানের সঙ্গে সম্পর্কসহ আরও নানা বিষয় নিয়ে মিড-ডে ডটকমের সঙ্গে কথা বলেছেন তাঁরা।

ওই দেখ বরুণের বাবা: ডেভিড ধাওয়ান

এখন আমি প্রায়ই শুনি, ‘ওই দেখ বরুণের বাবা’। মানুষ বরুণকে আমার চেয়ে বেশি চেনেন। তাই আমি বলতে পারি, বরুণই আমাকে বাবা বানিয়েছে। এ বছর আমাদের কাছে বাবা দিবস উদ্‌যাপনের জন্য দারুণ এক সময়। বিশেষ দিনটি উদ্‌যাপনের অনেক কারণই আমাদের আছে। সম্প্রতি বরুণ অভিনীত ‘এবিসিডি ২’ ছবিটি মুক্তি পেয়েছে। নাচ এবং সংগীতের বিষয়বস্তু নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আজ আবার বিশ্ব সংগীত দিবস। এ ছাড়া, আমার আরেক ছেলে রোহিত তার পরবর্তী ‘ঢিসুম’ ছবির শুটিং শুরু করেছে। সব মিলিয়ে আমার কাছে এবারের বাবা দিবসের তাৎপর্য অনেক।

আমি আলিয়া ভাটের বাবা: মহেশ ভাট

প্রথমত, এই দিবসগুলো আমাদের ওপর চাপিয়ে দিয়েছে পশ্চিমারা। আমি প্রায়ই নিজেকে জিজ্ঞেস করি, আমরা কেন পাশ্চাত্য সংস্কৃতিকে গ্রহণ করছি। বাবা-সন্তানের মধ্যে সম্পর্কটা অনেক বেশি আবেগপূর্ণ। আমার সন্তানেরা বলবে, বাবা হিসেবে আমি কেমন। আমি একজন চলচ্চিত্রনির্মাতা। কিন্তু এখন আমার নতুন পরিচয়-আমি আলিয়া ভাটের বাবা। বর্তমান সময়ের দারুণ সফল এক তারকা সে। এর আগে আমার পরিচিতি ছিল পূজা ভাটের বাবা হিসেবে। সেটা ১৯৮৯ সালের কথা। আমি আমার সন্তানদের প্রতি শুভকামনা জানাই। তারা স্বাধীনভাবে এই দিবসগুলো পালন করুক।

শ্রদ্ধা আমার মায়ের চেয়ে কোনো অংশে কম নয়: শক্তি কাপুর

জাভেদ আখতারের সঙ্গে জয়া আখতার ও ফারহান আখতার
জাভেদ আখতারের সঙ্গে জয়া আখতার ও ফারহান আখতার


বছরের পর বছর ধরে শ্রদ্ধা আমার যত্ন নিচ্ছে। বাড়িতে আমরা একে অন্যের ভূমিকা ভুলে যাই। বাবা হিসেবে আমার ভূমিকা কেমন তা নিয়ে প্রশ্ন থাকলেও, শ্রদ্ধা আমার মায়ের ভূমিকা চমৎকারভাবে পালন করে যাচ্ছে। আমি খাবার খেতে ভুলে গেলে কিংবা দেরি করে ঘুমাতে গেলে সে চিৎকার শুরু করে দেয়। শ্রদ্ধা আমার মায়ের চেয়ে কোনো অংশে কম নয়।

শক্তি কাপুরের সঙ্গে শ্রদ্ধা কাপুর
শক্তি কাপুরের সঙ্গে শ্রদ্ধা কাপুর

সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই বাবা দিবস শুরু হয়ে যায়: জ্যাকি শ্রফ
আমি মনে করি, আমার দুই সন্তান টাইগার আর কৃষ্ণার জন্মের সঙ্গে সঙ্গেই আমার জন্য বাবা দিবস শুরু হয়ে গেছে। জন্মের পর থেকে আজ অবধি আমি তাদের পাশে আছি। আমি বিশ্বাস করি, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই বাবা দিবস শুরু হয়ে যায়। প্রতিদিনই আমি এই দিবস উদ্‌যাপন করি। আদতে বাণিজ্যিক উদ্দেশ্যেই এ ধরনের দিবসের চল হয়েছে। দিনটিতে সবাই দেদার কার্ড আর কেক কিনছে। আজ আবার সংগীত দিবস এবং ইয়োগা দিবসও উদ্‌যাপিত হচ্ছে। এ বছর অনেকগুলো দিবস একসঙ্গে উদ্‌যাপনের সুযোগ পেয়েছি আমরা। চলুন, সবাই মিলে আনন্দে মেতে উঠি। সব সময় আনন্দ করা আর উৎসবের আমেজে থাকার চেয়ে ভালো আর কী হতে পারে?

সন্তানের কাছে বাবা বিশ্বের সবচেয়ে বড় মানুষ: জাভেদ আখতার

মা দিবস যেহেতু আছে, তাই বাবা দিবস অবশ্যই থাকতে হবে। হতে পারে এটা একটা পাশ্চাত্য ধারণা। কিন্তু ভালো কোনো কিছুই খারাপ হতে পারে না। সন্তানের কাছে বাবা বিশ্বের সবচেয়ে বড় মানুষ। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা পাল্টাতে থাকে। সন্তান বড় হওয়ার পর বুঝতে পারে, বাবা আসলে বিশ্বের সবচেয়ে বড় মানুষ না। আজ আমি আর ফারহান যেকোনো বিষয় নিয়ে কথা বলতে বা মজা করতে পারি। কিন্তু আমার মনে হয়, বাবার প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে ছেলের মধ্যে কিছুটা জড়তা কাজ করে। কিন্তু মেয়ে খুব সহজেই তার আবেগ প্রকাশ করতে পারে। শুরুর দিকে বাবা-ছেলের সম্পর্ক বেশি অন্তরঙ্গ থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা-মেয়ের সম্পর্ক বেশি আন্তরিক হয়। কিন্তু জয়া আর ফারহানকে সব সময় আমি সমান চোখে দেখেছি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছে জয়া। আমার কাছে মনে হয়েছে, এর চেয়ে বড় কিছু আমি তাদের জন্য করতে পারতাম না।