বাবা দিবসে মাকে শুভেচ্ছা জানালেন বোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমান ইরানী
বোমান ইরানী

আজ বাবা দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই বাবাকে নিয়ে নানা কিছু লিখছেন। ফেসবুকের নীল পর্দাও আজ বাবার সঙ্গে সন্তানদের ছবি দিয়ে সয়লাব। বলিউডের তারকারাও আছেন এই দলে। বলিউড অভিনেতা বোমান ইরানি এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মাকে। ‘মুন্না ভাই এমবিবিএস’ ও ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই তারকা টুইটারে লিখেছেন, ‘আমার মাকে বাবা দিবসের শুভেচ্ছা। এই মহান নারী মা ও বাবা দুজনের দায়িত্বই সমানভাবে পালন করেছেন। আজকের দিনে তাঁকে শ্রদ্ধা।’

বোমান ইরানীর ছোটবেলার জীবন এমন জৌলুশে ভরা ছিল না। বাবাকে কাছে না পাওয়ায় অনেক ছোটবেলায় মায়ের সঙ্গে ধরতে হয়েছিল সংসারের হাল। স্নাতকের পর বোমান একটি হোটেলে বেয়ারা ও হাউসকিপারের চাকরি করতেন। পরে সেই চাকরি ছেড়ে মায়ের সঙ্গে পৈতৃক বেকারি পরিচালনায় নামেন। মঞ্চ দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়। এর আগেই ফটোগ্রাফির দিকে ঝুঁকেছিলেন তিনি। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার আগ পর্যন্ত ছবি তোলার কাজ করতেন বোমান।
এদিকে বলিউডের অন্য তারকারাও বাবাকে নিয়ে অনেক কিছু লিখেছেন আজ। ইনস্টাগ্রামে বাবা মহেশ ভাটের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আলিয়া ভাট লিখেছেন, ‘ধন্যবাদ বাবা, আমার সঙ্গে তোমার ডিএনএ শেয়ার করার জন্য। এ জন্য আমি তোমার মতো অসাধারণ হয়েছি। তুমি আমার অনুপ্রেরণার উৎস। তোমাকে ভালোবাসি। আমার বন্ধু তুমি। শুভ বাবা দিবস।’
আলিয়া চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের ছোট মেয়ে। মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাটও অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
বিদ্যা বালন তাঁর বাবার উদ্দেশে লিখেছেন, ‘এই বাবা দিবসে আমি প্রার্থনা করছি, সব মেয়ে যেন আমার বাবার মতো একজন বাবা পায়। ধন্যবাদ বাবা আমার স্বপ্ন পূরণ করতে দেওয়ার জন্য।’
শিল্পা শেঠি, এশা দেওল, নীল নিতিন মুকেশ, জ্যাকুলিন ফার্নান্দেজসহ অনেকেই তাঁদের বাবার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।