বাবা শাহরুখ বলেন কী!

দার্শনিক বাবা হয়ে গেলেন নাকি শাহরুখ খান? এমনিতেই সারাক্ষণ টুইট করতেই থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের যেন সারাক্ষণই দিতে থাকেন নানা ভাবনা ও রোমাঞ্চের খোরাক। এই যেমন গতকাল এক অদ্ভুত স্ক্রিনশট তুলে দিলেন। দেখে বোকা বনে গেছেন সবাই।
দার্শনিক অভিভাবকের অনুভূতি হয়েছিল বলেই নাকি টুইটারে স্ক্রিনশটটি আপলোড করেছিলেন শাহরুখ। সেখানে লেখা ছিল, ‘আমাদের বাচ্চাগুলো আমাদের দায় নয়। তারা আমাদের সক্ষমতার পরিমাপক। যদি কেউ বলেন, বাচ্চাটার এই সমস্যা, ওই সমস্যা; তাঁদের বলব, ওদের এভাবে দেখবেন না। কেননা তাদের বিষয়গুলো আমাদের জন্য পরীক্ষার মতো। সেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতাকে বাড়িয়ে নেওয়ার ইঙ্গিত পাই। বাচ্চাগুলো আমাদের সক্ষমতা, দায় নয়।’

নিজের সন্তানদের সঙ্গে ভীষণ একাত্ম বলিউড বাদশা শাহরুখ খান। সে কারণেই হয়তো সব সময় সামাজিক মিডিয়ায় তাঁদের ছবি দিতেই থাকেন তিনি। বিশেষ করে আবরামের সঙ্গে তাঁর ছবিগুলো ভীষণ অনুপ্রেরণা দেয় ভক্তদের।
গত মাসে ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদকন্যা হয়ে বিনোদন দুনিয়ায় আবির্ভূত হন শাহরুখকন্যা সুহানা খান। মেয়ের এই শুভযাত্রায় টুইটারে গর্বিত পিতা হিসেবে টুইট করেছিলেন তিনি। ‘ভোগ’-এর সেই সংখ্যাটি হাতে ধরা একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ওকে আবারও দুই হাতে তুলে ধরলাম, ধন্যবাদ ভোগ। সবটুকু ভালোবাসা তোমার জন্য, আর একটি দীর্ঘ আলিঙ্গন। হ্যালো সুহানা খান!’ ডেকান ক্রনিকল