বাবা সিদ্দিকের ইফতারে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববারের ইফতার অনুষ্ঠানে সালমান খান, বাবা সিদ্দিক ও বরুণ ধাওয়ান
গতকাল রোববারের ইফতার অনুষ্ঠানে সালমান খান, বাবা সিদ্দিক ও বরুণ ধাওয়ান

গত দুই বছর রাজনীতিবিদ বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠান আলোচিত হয়েছে বলিউডের একসময়ের দুই যুযুধান খান শাহরুখ ও সালমানের দীর্ঘদিনের বিবাদ নিষ্পত্তির কারণে। তবে এ বছর তা আলোচিত হলো ভিন্ন কারণে। গতকাল রোববারের ইফতার অনুষ্ঠানে সালমান গেলেও, যেতে পারেননি শাহরুখ। সালমানের উপস্থিতির কথা জানতে পেরে একদল আলোকচিত্রী ছুটে যান সেখানে। কিন্তু অব্যবস্থাপনার কারণে দুজন আলোকচিত্রী গুরুতর আহত হন। শেষমেশ প্রচণ্ড দুর্ব্যবহারের অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কট করেন আলোকচিত্রীরা। সালমানের একটি ছবিও না তুলে প্রতিবাদ জানান তাঁরা।
২০১৩ সালে ভারতের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে কোলাকুলি করে হইচই ফেলে দিয়েছিলেন শাহরুখ ও সালমান। সেদিন এক আলিঙ্গনের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছরের দ্বন্দ্বের অবসান ঘটান তাঁরা। পরের বছর আবার ইফতার অনুষ্ঠানে দুই খানকে এক করেন তাঁদের কাছের বন্ধু বাবা সিদ্দিক। সেবারও আলিঙ্গন করে খবরের শিরোনাম হন শাহরুখ-সালমান।
গত দুই বছরের ধারাবাহিকতায় এ বছরও ইফতার অনুষ্ঠানে শাহরুখ ও সালমানকে এক করতে চেয়েছিলেন বাবা সিদ্দিক। কিন্তু ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ে বুলগেরিয়ায় থাকায় ইফতার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি শাহরুখ। তবে সালমান ঠিকই হাজির হন।
সালমানের ছবি তুলতে একদল আলোকচিত্রী গিয়ে হাজির হন ইফতার অনুষ্ঠানে। ছোট্ট একটি বেষ্টনীর মধ্যে দীর্ঘক্ষণ তাঁদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। একপর্যায়ে সরু বেষ্টনী ভেঙে গেলে দুজন আলোকচিত্রী গুরুতর আহত হন। এ ছাড়া হাত-পা ছিলে যায় আরও চারজন আলোকচিত্রীর। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রচণ্ড বিরক্ত হন সংবাদকর্মীরা। তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, মানুষ পশুর সঙ্গে যেমন আচরণ করে তাঁদের সঙ্গে তেমন আচরণই করা হয়েছে। বিষয়টি বাবা সিদ্দিককে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। সব মিলিয়ে প্রচণ্ড চটে যান আলোকচিত্রীরা। তাঁরা অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেন। সালমানের ছবি তুলতে অনুষ্ঠানে গেলেও তাঁর একটি ছবিও না তুলে প্রতিবাদ জানান আলোকচিত্রীরা।
ইফতার অনুষ্ঠানে সালমানের সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যেরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান, সুনীল শেঠি, চলচ্চিত্রনির্মাতা কবির খান প্রমুখ।