বাবা হচ্ছেন, শহীদই জানালেন!

বলিউডের তারকা অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের সন্তানসম্ভবা হওয়ার খবরটি নিয়ে আগেই খবর প্রকাশিত হয়েছিল। এবার স্বয়ং শহীদ কাপুরই জানালেন, তিনি বাবা হতে যাচ্ছেন।
মীরা রাজপুত ও শহীদ কাপুরের ঘরে যে সন্তান আসছে—মাস খানেক ধরেই এই খবর সংবাদমাধ্যমগুলোর নানা জল্পনা-কল্পনা মেশানো খবরের শিরোনামে ছিল। বিশেষ করে বলিউডের সংবাদমাধ্যমগুলোতে।
এর আগে মীরার একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এনডিটিভি ও মিড-ডে জানিয়েছিল, শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত সন্তানসম্ভবা।
সম্প্রতি ‘উড়তা পাঞ্জাব’ ছবি ট্রেলার উদ্বোধনের অনুষ্ঠানে কোনো রকম রাখঢাক না করে শহীদ কাপুরই বলেছেন, ‘হ্যাঁ, আমি বাবা হতে যাচ্ছি (হ্যাঁ ম্যয় বাপ বননে ওয়ালা হুঁ)।
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে বলিউডের তারকা শহীদ কাপুরের দেখা মিলবে নতুন চেহারায়। এ ছবিতে একজন পাঞ্জাবি রকসংগীত তারকার চরিত্রে অভিনয় করেছেন শহীদ। তাঁর চরিত্রটির নাম টমি সিং।
‘উড়তা পাঞ্জাব’ ছবিটি পরিচালনা করেছেন ‘ইশকিয়া’খ্যাত পরিচালক অভিষেক চৌবে। এ ছবিতে শহীদ কাপুরের সঙ্গে তাঁর সাবেক প্রেমিকা কারিনা কাপুর খানও অভিনয় করছেন। সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গিয়েছিল ২০০৭ সালে। ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ ছবিতে। টাইমস অব ইন্ডিয়া।