বাবা 'টাইগার' পতৌদির চরিত্রে সাইফ!

পতৌদির নবাব, ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক প্রয়াত মনসুর আলী খান পতৌদির চরিত্রে অভিনয় করতে পারেন তাঁর ছেলে বলিউডের অভিনেতা ‘ছোট নবাব’ সাইফ আলী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে, সাইফের দুশ্চিন্তা হচ্ছে; এমন এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন তাঁর বাবা যে তাঁকে সেলুলয়েডে ফুটিয়ে তোলার কাজটা রীতিমতো দুরূহ একটি বিষয়।
সাইফ জানিয়েছেন, তাঁর বাবা মনসুর আলী খান পতৌদিকে নিয়ে ‘বায়োপিক’ বা জীবনীনির্ভর ছবি হতেই পারে। কিন্তু অবশ্যই এ ছবির গল্প হতে হবে চমকপ্রদ। এর পাশাপাশি মনসুর আলী খানকে পর্দায় তুলে ধরার জন্য লম্বা সময় ধরে করতে হবে ‘হোম-ওয়ার্ক’। তা না হলে ভারতের সাবেক এই ডানহাতি ক্রিকেটার; যাকে সবাই ভালোবেসে ডাকত ‘টাইগার পতৌদি’ হিসেবে। তাঁকে পর্দায় ফুটিয়ে তোলা, ক্রিকেটের মাঠে তাঁর ব্যাটিংয়ের অনবদ্য ঢং বা স্টাইলকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা খুবই কঠিন এক কাজ।
‘চাক দে ইন্ডিয়া’, ‘ভাগ মিলখা ভাগ’ কিংবা ক্রিকেটার আজহার উদ্দিনকে নিয়ে বলিউডের সাম্প্রতিক ছবি বানানোর যে চল; তা থেকেই বোঝা যায়, এখন ক্রীড়াবিদদের জীবনীনির্ভর ছবির দারুণ কদর। সাইফের কাছে তাই সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, ‘তাঁর বাবা ক্রিকেটার মনসুর আলী খানের জীবনীনির্ভর ছবিতে অভিনয়ের সুযোগ পেলে তিনি করবেন না কিনা? যদিও শেষপর্যন্ত সাইফের কাছ থেকে ‘হ্যাঁ’সূচক জবাবই পেয়েছেন তাঁরা; কিন্তু পতৌদির ‘ছোট নবাব’ তাঁর এই ‘হ্যাঁ’ এর পর জুড়ে দিয়েছেন প্রত্যাশার এক লম্বা তালিকা।
সাইফ বলেছেন, ‘বাবাকে পর্দায় ফুটিয়ে কিন্তু তোলা সহজ কথা নয়। তিনি ছিলেন একজন কেতাদুরস্ত ব্যাটসম্যান। তাঁকে পর্দায় ফুটিয়ে তোলা যেকোনো অভিনেতার জন্যই কঠিন। ছেলে হয়ে আমি যদি তাঁর চরিত্রটির প্রতি ‘ন্যায়’ করতে না পারি তাহলে বিষয়টি আমার জন্য হবে প্রচণ্ড বিব্রতকর।’
তাই আপাতত মনসুর আলী খান পতৌদির চরিত্রে অভিনয়ের জন্য তাঁর ছেলে অভিনেতা সাইফ আলী খান ‘সবুজ সংকেত’ দেখালেও খুব শিগগিরই এই জীবনীনির্ভর ছবি নিয়ে কাজকর্ম শুরু হবে বলে মনে হচ্ছে না। এর আগে সাইফ একবার তাঁর বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র বানানোর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। সে সময়েও সাইফ বলেছিলেন পর্যাপ্ত ফুটেজ না থাকার কারণে তথ্যচিত্র বানানোর বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে।
যাইহোক, এবারে সাইফের প্রত্যাশা অনুযায়ী সব কিছু ব্যাটে-বলে মিললেই কেবল পতৌদির এই ‘ছোট নবাব’কে ব্যাট হাতে বাবা ‘টাইগার’ পতৌদির সাজে ক্রিকেটের ২২ গজে নামতে দেখা যেতে পারে। টাইমস অব ইন্ডিয়া।