বাবাকে শেষবার দেখতে লকডাউন ভেঙে মুম্বাই যাচ্ছেন মিঠুন

বলিউডের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী৷ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের বরিশালের মানুষ বসন্তকুমার চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷ তবে এই সময় বাবার কাছে থাকতে পারেননি মিঠুন চক্রবর্তী৷ সিনেমার শুটিংয়ের কাজে বেঙ্গালুরু ছিলেন৷ লকডাউনের ফলে সেখানেই আটকে যান অভিনেতা৷
অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবার মৃত্যুর খবর পেয়ে টুইটারে শোক প্রকাশ করেছেন বলিউড ও কলকাতার অনেক তারকা।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন মিঠুন ৷ ব্যক্তিগত গাড়িতে তিনি বেঙ্গালুরু থেকে রওনা হয়েছেন। অভিনেতার বড় ছেলে মিমো মুম্বাইতেই ছিলেন।
মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী একসময় কলকাতার টেলিফোন সংস্থায় চাকরি করতেন। মিঠুন চক্রবর্তীর বাবা–মা দুজনের জন্ম বাংলাদেশের বরিশালে। মিঠুনের মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। ৪ সন্তানের মধ্যে মিঠুনই বড়। মিঠুন চক্রবর্তীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায়, তাঁর বাবা বেশ রাশভারী লোক ছিলেন। কড়া নিয়মানুবর্তিতার মধ্যেই রাখতেন ছেলেমেয়েদের। তাই সত্তরের দশকে যখন নকশাল আন্দোলনের সঙ্গে মিঠুন আগ্রহ দেখা দিলে তাঁকে তড়িঘড়ি তৎকালীন বোম্বে পাঠিয়ে দেন বাবা।
মিঠুনও তারপর নকশাল আন্দোলন ছেড়ে বোম্বেতে (বর্তমান মুম্বাই) চলচ্চিত্রজগতে মন দেন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন অব ইন্ডিয়া থেকে অভিনয় নিয়ে স্নাতক হন মিঠুন। যদিও ছেলের এই পরিচয় বাবা বসন্তকুমারের খুব একটা পছন্দ ছিল না, তবে সময়ে-অসময়ে সর্বদা ছেলের পাশে থেকেছেন বসন্তকুমার।