বাবার চরিত্রে অভিনয়ের ইচ্ছে ছিল সঞ্জয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে একটি সিনেমা তৈরি হচ্ছে, এটি পুরোনো খবর। রাজকুমার হিরানি পরিচালিত ওই ছবিতে কে কোন চরিত্রে অভিনয় করছেন সেটিও ঠিকঠাক। ছবিটিতে সঞ্জয়ের বাবা ও প্রয়াত অভিনেতা সুনীল দত্তের চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল। কিন্তু ছেলে সঞ্জয়ের ইচ্ছে ছিল বাবার চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন।
মাত্র ৫১ বছর বয়সে মারা যান সঞ্জয়ের মা অভিনেত্রী নার্গিস। মাকে বেশি দিন কাছে পাননি সঞ্জয়। বাবার সঙ্গেই তাঁর হৃদ্যতা ছিল অন্যরকম। বাবার ব্যক্তিত্ব তাঁকে আকৃষ্ট করে রেখেছিল। তাই নিজের বায়োপিকে বাবার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু যাঁকে নিয়ে এই বায়োপিক তাঁকে ছবির কোনো চরিত্রে রাখতে চাননি নির্মাতা হিরানি।
গত মাসে ছবিটির শুটিং শুরু হয়েছে। সেখানে সঞ্জয় দত্তের চরিত্রটি করছেন রণবীর কাপুর। নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা ও সঞ্জয়ের বর্তমান স্ত্রী মান্যতার ভূমিকায় থাকবেন দিয়া মির্জা। শোনা যাচ্ছে, সঞ্জয়ের এক সময়ের প্রেমিকা মাধুরী দীক্ষিতের চরিত্রটি করবেন সোনম কাপুর। হিন্দুস্থান টাইমস।