বাবার ছবিতে প্রেমিককে চান আলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

বলিউডের আকাশে কান পাতলেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন। প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়। শোনা যায়, দুজন বিয়ে করে ফেলেছেন, কিংবা ফেলছেন শিগগিরই। প্রেমিকের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় আলিয়াকে দেখা যাবে ব্রহ্মাস্ত্র ছবিতে। বাবা মহেশ ভাটের জনপ্রিয় আরেকটি ছবির রিমেকেও এ সুযোগ চান আলিয়া।

সম্প্রতি সড়ক টু ছবির শুটিং শেষ করে মুম্বাই ফিরেছেন আলিয়া ভাট। বাবা মহেশ ভাটের সুপারহিট সড়ক ছবিতে ছিলেন পূজা ভাট ও সঞ্জয় দত্ত। সিক্যুয়েলে এ দুজন ছাড়া আছেন আলিয়া ও আদিত্য রায় কাপুর। তবে আলিয়া চান, বাবার সুপারহিট ছবি দিল হ্যায় কে মানতা নেহি-এর রিমেক করতে। সেখানে ছিলেন আলিয়ার বড় বোন পূজা ভাট ও আমির খান।

মেয়ের সাধ পূরণে আপত্তি নেই বাবা মহেশ ভাটের। তিনিও চান জনপ্রিয় এ ছবিটি পুনর্নির্মিত হোক। তবে এ ছবি ঘিরে আলিয়ার একটি আবদারও রয়েছে। তিনি চান, আমির খানের চরিত্রে অভিনয় করুক তাঁর প্রেমিক রণবীর কাপুর। অর্থাৎ প্রেমিকের সঙ্গে জুটি বেঁধে আবার পর্দায় আসতে চান আলিয়া। জানা গেছে, আলিয়ার এ আবদারও মেটাবেন মহেশ ভাট। এখন রণবীরের সবুজ সংকেতের অপেক্ষা। রণবীর রাজি হলেই শুরু হবে দিল হ্যায় কে মানতা নেহি ছবির কাজ।

১৯৯১ সালে মুক্তি পায় দিল হ্যায় কে মানতা নেহি ছবিটি। মুক্তির ২৮ বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগভরা একটি পোস্ট লিখেছেন পূজা। ১৯৩৪ সালের হলিউড ছবি ইট হ্যাপেন্ড ওয়ান নাইট-এর কাহিনির ওপর ভিত্তি করে ছবিটি বানিয়েছিলেন মহেশ ভাট।

এরই মধ্যে শোনা গেছে, আলিয়া ও রণবীরের বিয়ে ঠিক হয়ে গেছে। খ্যাতিমান নকশাকার সব্যসাচী মুখার্জির নকশা করা লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া। শুধু রণবীরের বাবা ঋষি কাপুরের ভারতে ফেরার অপেক্ষা। নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা শেষে ফিরলেই বিয়ের দিনক্ষণ ধার্য করা হবে। এদিকে আলিয়া-রণবীরের বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মহেশ ভাট।