বাবার জন্মদিনে...

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট আজ, ২০ সেপ্টেম্বর ৬৭ বছরে পা দিয়েছেন। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গতবাঁধা ধারা থেকে বেরিয়ে এসে ‘জখম’, ‘আর্থ’-এর মতো ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। কেবল নির্মাতা নন, প্রযোজক এবং লেখক হিসেবেও দারুন যশ আছে তাঁর।
বাবার ৬৭ তম জন্মদিনে টুইটারে টুইট করেছেন বড় কন্যা অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা পূজা ভাট। টুইট করেছেন আরেক কন্যা; বলিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাটও। তাঁদের দেওয়া পৃথক দুটি টুইটেই তাঁদের জীবনে বাবা মহেশ ভাটের প্রভাবের কথা প্রকাশ পেয়েছে। পূজার টুইটটি এ রকম, ‘শুভ জন্মদিন বাবা। ভালোবাসি তোমাকে। আমার জীবনের উৎস, তুমি আমাকে দান করেছো শক্তি, উদারতা, সাহস এবং জীবন। ভালোবাসি বাবা, আমৃত্যু এবং জীবনকে অতিক্রম করেও ভালোবাসি তোমাকে।’
মহেশ ভাটের আরেক তারকা কন্যা আলিয়া বাবাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, ‘শুভ জন্মদিন আমার বিশেষ, ‘অনন্য এক পাগল’ বাবা! তুমি জীবনকে খুব উদ্ভটভাবে চমকপ্রদ করেছ...এবং অবশ্যই পাগলাটে করেছ, তোমাকে ভালোবাসি।’
এই নির্মাতার আরো কয়েকটি আলোচিত চলচ্চিত্র হলো ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘আশিকি’, ‘সাদাক’ । ইন্ডিয়ান এক্সপ্রেস।