বাবার জন্মদিনে সোনাক্ষীর শুভ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা ও শত্রুঘ্ন সিনহা
সোনাক্ষী সিনহা ও শত্রুঘ্ন সিনহা

সোনাক্ষী সিনহাকে বলিউডে ডাকা হয় ‘বাপ কা বেটি’ বা ‘বাবার মেয়ে’। মেয়েও এই পরিচয়ে গর্বিত বোধ করেন। গতকাল ৯ ডিসেম্বর ছিল তাঁর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহার ৭১তম জন্মদিন। বাবার জন্মদিনে মেয়ে সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রামে বাবার সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন।
ছবির সঙ্গে এই অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন বাবা। আমি তোমাকে যেই উপহারই দিই না কেন, তুমি আমাকে যা দিয়েছ তার সমান তো কিছুই হবে না। ভালোবাসি বাবা। তুমি চিরসবুজ।’
শত্রুঘ্ন সিনহা ছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অ্যাকশন অভিনেতা। সোনাক্ষীর ‘আকিরা’ ও ‘ফোর্স টু’-এর অভিনয় ও মারপিটের দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘বাবার যোগ্য উত্তরসূরি।’ এই দুই ছবিতে মেয়ের অভিনয় আর অ্যাকশন দেখে বাবাও মুগ্ধ।
বছরখানেক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছিলেন, তাঁর ব্যাপারে বাবা খুব বেশি রক্ষণশীল। রাতভর পার্টি করা কিংবা যখন-তখন বন্ধুদের বেড়াতে বেরিয়ে যাওয়ার মতো বিষয়গুলোতে বাবা কখনোই অনুমতি দেন না। আর মেয়ের বর নির্বাচনের ক্ষেত্রেও নাকি খুব কঠোর এই বাবা। তাই বুঝি এখনো ঠিকঠাক কোনো প্রেমের সম্পর্কে জড়াতে পারলেন না সোনাক্ষী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।