বাবার জন্য আব্রামের উদ্বেগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও আব্রাম
শাহরুখ খান ও আব্রাম

শাহরুখ-গৌরী দম্পতির ছোট ছেলে আব্রাম। জন্মের পর থেকেই গণমাধ্যমের মনোযোগ কেড়েছে শাহরুখ খানের অত্যন্ত আদরের ছোট পুত্রটি। তার কোনো ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ামাত্রই শুরু হয়ে যায় হইচই। তবে বাবার আদরের আব্রামের সব মনোযোগও কিন্তু কেবল বাবা শাহরুখের দিকেই।

‘দিলওয়ালে’ ছবির সেটেও সবাই আব্রামকে নিয়ে মেতে থাকতেন। সেসময় পরিচালক রোহিত শেঠির সঙ্গে আব্রাম হায়দরাবাদের রাস্তায় স্পোর্টস কারে চড়ে ঘুরেও বেড়িয়েছে। তবে দুই বছর বয়সী আব্রাম নাকি সব সময় বাবাকে নিয়ে খুব উদ্বিগ্ন থাকত। ছবির (অ্যাকশন) মারপিটের কোনো দৃশ্যের শুটিংয়ের সময় শাহরুখের কোথাও কেটে বা ছড়ে গেলেই দুই বছর বয়সী আব্রাম বলে উঠত ‘পাপা ভেঙে যাবে।’ বাবার আহ্লাদী ছেলে আব্রাম রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠত। তবে সবচেয়ে মজার বিষয় হলো, বাবা শাহরুখের যেকোনো আঘাতের জন্যই আব্রাম সব সময় দায়ী করত কাজলকে।

দিন কয়েক আগে গৌরী খান আব্রামের সম্পর্কে কোনো মন্তব্য করতে মানা করে দিয়েছেন সবাইকে। এমনটাই জানিয়েছিলেন ‘দিলওয়ালে’ তারকা বরুণ ধাওয়ান, কিন্তু ‘ছোট শাহরুখ’ যদি এমন সব আদুরে কাণ্ড করতে থাকেন তাহলে সংবাদকর্মীদেরই বা তাকে নিয়ে মাথা না ঘামিয়ে উপায় কী?


তাই স্ত্রীর অনুমতি না থাকা সত্ত্বেও গতকাল একটি সংবাদ সম্মেলনে শাহরুখ তাঁর ছেলের সম্পর্কে এই মজার তথ্যটি জানিয়েছেন।

‘দিলওয়ালে’ ছবির নাচ এবং মারপিটের দৃশ্য গুলি বেশ কঠিন ছিল, তাই প্রায়ই আমি আহত হতাম। আব্রাম ভাবত কাজলের জন্যই বোধ হয় আমি ব্যথা পাচ্ছি, তাই সে বলতো, ‘পাপা ভেঙে যাবে।’

শাহরুখ আরও জানান, ছবির খলনায়কের চাইতে এ ছবির নায়িকা কাজলের ব্যাপারেই বেশি উদ্বিগ্ন ছিল আমার ছেলে। এ জন্য কাজল আমার কাছাকাছি এলেই সে বলে উঠত, কাজলের সঙ্গে থাকলে বাবা ভেঙে যাবে (ব্যথা পাবে)।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।