বাবার মতো পূজাও দূরে আছেন মদ থেকে

যাঁরা মদপানের বাজে অভ্যাস ত্যাগ করতে চান, তাঁদের জন্য আদর্শ হতে পারেন বলিউড তারকা পূজা ভাট ও তাঁর বাবা মহেশ ভাট। অন্তত মদ ত্যাগের ক্ষেত্রে। বিশ্রীভাবে আসক্ত হয়েও পূজা ভাট গত এক বছর দূরে আছেন মদ থেকে। আর মহেশ ভাট আছেন ২৮ বছর ধরে।
ভারতে বিশেষ করে বলিউড–দুনিয়ায় মদপান খুব স্বাভাবিক বিষয়। ছোট–বড় বেশির ভাগ তারকা মদে আসক্ত। এখানে পূজা ভাটও ব্যতিক্রম ছিলেন না। পূজা নিজেই বলেছেন, তিনি জন্মসূত্রে স্কটিশ, তাঁর দাদা ছিলেন স্কটল্যান্ডের মানুষ। আপাদমস্তক ইউরোপীয় আবহে বেড়ে ওঠা পূজার সঙ্গী ছিল মদ। পূজা বলেন, একসময় তিনি অর্ধেক বোতল একাই শেষ করে ফেলতে পারতেন।
কিন্তু সেসব এখন ইতিহাস। নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় সে অভ্যাস আজ পুরোদস্তুর ত্যাগ করে সবাইকে বলছেন, সুস্থ থাকার পথ এটিই।
শুরুটা গত বছর বড়দিনে। সারা দিনের আয়োজন শেষে বাড়ি ফিরে মুঠোফোনটি শব্দহীন করে দেন। ছুঁলেন না এক চুমুক মদও। রাতে বাড়িতে বানানো খাবার খেয়ে দিলেন ঘুম। এক ঘুমে রাত পার।
পরদিন সকালে উঠে পূজার নতুন জীবনের শুরু। তিনি আবিষ্কার করলেন, বড়দিনে এটিই ছিল তাঁর বড় উপহার। মদ ছেড়ে দেওয়া। এরপর কদিন পর থার্টি ফাস্ট নাইটেও মদ থেকে সম্পূর্ণ দূরে থাকেন। পুরোপুরি মদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন। পূজা বলেন, বেশ ভালো আছেন তিনি। শুধু মানুষকে বোঝাতে একটু কষ্ট হয়, কেন তিনি মদ পান করবেন না। সময়–অসময়ে প্রস্তাব পান। তাতে অবশ্য মোটেও সাড়া দেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে