বাবার মেয়ে

তখন শ্রুতি একদম ছোট্টটি। কমল হাসান কী একটা ছবি বানাচ্ছিলেন। বাজেটে কুলোচ্ছিল না। যে বড় বাড়িটায় থাকতেন পরিবার নিয়ে, সেটি বিক্রি করা ছাড়া উপায় নেই। কমল শ্রুতিকে ডেকে সব জানিয়ে বলেন, ‘আমরা বাড়িটা ছেড়ে একটা ফ্ল্যাটে থাকব, সমস্যা নেই তো মা?’ শ্রুতির জিজ্ঞাসা, ‘তুমিও আমাদের সঙ্গে থাকবে তো বাবা, তুমি যেখানে থাকবে, আমি সেখানেই থাকব।’
এই হলো বাবা আর মেয়ের সম্পর্ক। গতকাল বাবা দিবস উপলক্ষে এই বাবা-মেয়ের যুগল সাক্ষাৎকার প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। সেখানে উঠে এসেছে অনেক গল্প। বাবা বিখ্যাত অভিনেতা, মা সারিকারও চলচ্চিত্রে অভিষেক হয়েছিল চার বছর বয়সে। শ্রুতির রক্তে মিশে আছে অভিনয়। তবে শ্রুতি বলেন, ‘আমি সব সময়ই বাবার মেয়ে।’
নানা ব্যস্ততা, নিজের ক্যারিয়ার আর নিষ্ঠুর সময়ের কারণে বাবা-মেয়ের মধ্যে দেখা দিয়েছিল দূরত্ব। ভালোবাসার সাদা রংপেনসিলে দূরত্বের সেই কালো রেখা মুছে ফেলেছেন শ্রুতি। এভাবেই থাকুন দুজনে।