বাবার 'বোম্বে গার্ল' জাহ্নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা বনি কাপুরের সঙ্গে জাহ্নবী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
বাবা বনি কাপুরের সঙ্গে জাহ্নবী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বারবার শ্রীদেবীর সঙ্গে তুলনা চলে আসে কন্যা জাহ্নবীর। প্রথম ছবি ‘ধাড়াক’ মুক্তির পর অনেকেই জাহ্নবীর মধ্যে খুঁজে বেড়াচ্ছেন শ্রীদেবীর ছায়া। অভিনয়ে মাকে অনুকরণ না করলেও মায়ের দেখানো পথেই হাঁটছেন শ্রীদেবী-কন্যা। চলচ্চিত্রেই নিয়মিত হয়েছেন। এবার বাবা বনি কাপুরের প্রযোজনায় অভিনয় করবেন জাহ্নবী কাপুর।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বনি কাপুর ছবিটির নামও প্রকাশ করেছেন, ‘বোম্বে গার্ল’। ছবিটি পরিচালনা করছেন ‘স্ট্রাইকার’খ্যাত পরিচালক সঞ্জয় ত্রিপাতি। বনি কাপুর জানান, আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে ছবির কাজ। তিনি বলেন, ‘ছবি নিয়ে আমি বেশ আশাবাদী। জাহ্নবীর চরিত্রটি তাঁর বাকি চরিত্রের থেকে একেবারেই আলাদা। একটা জিনিস দর্শকদের বলতে পারি, ছবির গল্পটি মনে রাখার মতো হবে।’ প্রথমবার মেয়ের সঙ্গে কাজ করার অনুভূতিটা ঠিক কেমন? সন্তানের সঙ্গে কাজ করা সব মা–বাবার কাছে আবেগের বিষয়, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘অর্জুনের সঙ্গেও যখন প্রথমবার একসঙ্গে কাজ করেছিলাম, একই রকম অনুভূতি হয়েছিল।’

বনি কাপুরের প্রযোজনায় অভিনয় করবেন জাহ্নবী কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
বনি কাপুরের প্রযোজনায় অভিনয় করবেন জাহ্নবী কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া



হাতে এখন তিনটি ছবি এই বলিউড তারকার। ‘রুহ আফজা’, ‘কার্গিল গার্ল’ আর সম্প্রতি যুক্ত হয়েছেন ‘দোস্তানা টু’ ছবিতে। তাঁর আগামী ছবি ‘রুহ আফজা’। সারা দেশ ঘুরে বিভিন্ন শহরে জাহ্নবী ‘রুহ আফজা’র শুটিং করেছেন। ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে, যেখানে জাহ্নবীকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ‘রুহ আফজা’র পাশাপাশি পাইলট গুঞ্জন সাক্সেনার ওপর নির্মিত বায়োপিকে দেখা যাবে তাঁকে। এ ছাড়া করণ জোহরের ‘দোস্তানা টু’ ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

২০১৮ সালে ‘ধাড়াক’ ছবিটির মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন জাহ্নবী কাপুর; যদিও সেটা ছিল একটা মারাঠি ছবির পুনর্নির্মাণ।