বাসচালকের কাছে মুভি রিভিউ চাইলেন রজনীকান্ত!

ভারতজুড়ে চলছে ‘কাবালি’–ঝড়। এ ঝড়ে পড়েনি এমন মানুষ পাওয়া মুশকিল। কারণ ছবিটি দেখতে দক্ষিণ ভারতে ব্যবসায়ীরা অতিরিক্ত একদিন ছুটি দিয়েছেন তাঁদের কর্মচারীদের। ইতিমধ্যে ছবিটি নিয়ে রিভিউ ছাপা হচ্ছে বিভিন্ন কাগজে। কিন্তু জানেন, রিভিউ নিয়ে কী বললেন রজনীকান্ত?
কোনো কাগজ নয়, এক বাস ড্রাইভারের কাছে ‘কাবালি’র রিভিউ চাইলেন রজনীকান্ত। তাঁর নাম পি রাজ বাহাদুর। তিনি বলেন, ‘অনেক সিনেমা হলমালিক আমাকে দাওয়াত দিয়েছেন। কিন্তু আমি কোনো বিশৃংখলা করতে চাই না। রজনী সব সময়ই আমার সমালোচনামূলক বিশ্লেষণের অপেক্ষায় থাকে। আমি অকপটেই তাঁকে ছবি নিয়ে বিশ্লেষণ জানাই।’
কিন্তু কে এই বাসচালক বাহাদুর? প্রথম পরিচয় তিনি একজন বাসচালক। দ্বিতীয় পরিচয় তিনি ভারতীয় এই মহানায়কের বন্ধু। জীবনের একটা সময় দুজনেই ছিলেন বাসচালকের সহকারী। কর্ণাটক রাজ্যে বাস সার্ভিসে দুজন চালকের সহকারী হিসেবে কাজ করতেন। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। এখনো আছে অটুট। ভেঙে যায়নি। রজনীকান্তের অভিনয়ের আগ্রহ দেখে বন্ধু বাহাদুরই প্রথম উৎসাহ দেন। পীড়াপীড়ি করে ভর্তি করান চেন্নাইয়ে অবস্থিত একটি অভিনয় স্কুলে।
বাহাদুর স্মৃতিচারণা করেন, রজনীকান্ত খুব কষ্ট করছিলেন। দুই বছরের অভিনয় কোর্স চালানোর জন্য তিনি তাঁকে সাহায্য করেছেন। কে বালাচন্দর প্রথম তাঁকে তামিল ছবি ‘অপূর্ব রাগাঙ্গল’-এ সুযোগ দেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
রজনীকান্তও ভোলেননি প্রিয় বন্ধুকে। ভারতের মহানায়ক হওয়া সত্ত্বেও সেই বাসচালক বন্ধুর সমালোচনাই যেন তাঁর কাছে সবচেয়ে বড় হয়ে উঠল। তাঁর সমালোচনা শোনার জন্যই অপেক্ষাতে থাকেন রজনীকান্ত। বাহাদুর বলেন, ‘রজনীর একটুও পরিবর্তন হয়নি। আমরা এখনো পরস্পর “দা” বলে ডাকি। যখনই সে বেঙ্গালুরুতে আসে, আমাকে জানায়। আমার বাড়িতেও আসে। সে বিভিন্নভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করেছে। আমাকে চাকরি ছেড়ে দিতে বলেছে। কিন্তু আমি বিনীতভাবেই তাঁর প্রস্তাবকে অস্বীকার করেছি। আমি চাই না এটা আমাদের বন্ধুত্বের ওপর কোনো প্রভাব ফেলুক।’
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস