বাসন মেজেছেন, কাপড় ধুয়েছেন বরুণ

লোকের এঁটো বাসন মেজেছেন, ব্যবহার করা জামাকাপড় ধুয়েছেন, আরও কত-কী করেছেন এই বলিউড তারকা। তবে তিনি শুধু নিজেই তারকা নন, তাঁর বাবাও বলিউডের নামী চিত্র পরিচালক ও নির্মাতা। এই প্রজন্মের তারকারা ছবিতে নিজেদের চরিত্রের প্রয়োজনে কত-কী না করছেন! কিছুদিন আগে বলিউডের সুপারস্টার হৃতিক রোশনকে দেখা গিয়েছিল সাইকেলে করে ঘুরে ঘুরে পাঁপড় বিক্রি করতে। সাইফ আলী খান তাঁর অভিনীত ‘শেফ’ ছবির জন্য ১০ হাজার পেঁয়াজ কেটেছেন। এবার আরেক বলিউড তারকা বরুণ ধাওয়ান ‘অক্টোবর’ ছবিতে ‘ডন’ হয়ে ওঠার জন্য সাধারণ হোটেলকর্মীর মতো সব কাজ করেছেন।
‘পিকু’ ছবির পরিচালক সুজিত সরকারের ‘অক্টোবর’ ছবিতে বরুণ হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। দিল্লির এক পাঁচতারা হোটেলে ছবির অধিকাংশ দৃশ্য শুট করা হয়েছে। সুজিত অত্যন্ত সততার সঙ্গে ছবি নির্মাণ করেন। আর ছবির বিষয়ের গভীরে গিয়ে কাজ করেন। তাই এই পরিচালক চেয়েছিলেন, বরুণ সেই সব কাজ করুক, যা একজন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রকে করতে হয়। বরুণ নিজেও পছন্দ করেন চরিত্রের গভীরে গিয়ে কাজ করতে। তাই তিনি হোটেলের শৌচাগার পরিষ্কার, ঘর সাফাই, বাসন মাজা, কাপড় কাচা—সব কাজই করেছেন মুখ বুজে।
খ্যাতনামা চিত্র পরিচালক এবং নির্মাতা ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ নিজেও চেয়েছিলেন আদবকায়দায় একজন হোটেলকর্মীর মতো হয়ে উঠতে। তাই সব কাজ বরুণ নির্দ্বিধায় করেছেন। শোনা গেছে, কিছু বিদেশি পর্যটক এই বলিউড তারকাকে সাধারণ হোটেলকর্মী ভেবে ভুল করেন। হোটেলে শুটিং চলার সময় এখানে কিছু বিদেশি পর্যটক আসেন। তাঁরা বরুণকে হোটেলের কর্মচারী ভাবেন। তাই বলিউডের এই তারকাকে তাঁরা তাঁদের ঘর পরিষ্কার করতে এবং খাবার আনতে বলেন। বরুণ হোটেলের একজন সাধারণ কর্মীর মতো সব কাজ করেছেন। তাঁদের তিনি নিজের হাতে খাবার পরিবেশন করেন। এমনকি বিদেশি পর্যটকদের ঘরের সাফাইও করে দেন এই তারকা। আর বরুণ চেয়েছিলেন নিজের চরিত্রের মতো পুরোপুরি হয়ে উঠতে। তাই এই ঘটনা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
সুজিত সরকার পরিচালিত ‘অক্টোবর’ ছবিটি ১৩ এপ্রিল মুক্তি পাবে। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে নতুন নায়িকা বনিতা সান্ধুকে।