বাহুবলীর জন্য বাড়ি থেকে তিন শিশু উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির পোস্টার
‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির পোস্টার

বুধবার অন্য দিনগুলোর মতো সাধারণই কাটছিল ভারতের জয়পুরবাসীর। কিন্তু জয়পুর পুলিশের কাছে একসঙ্গে তিন শিশু হারিয়ে যাওয়ার খবর আসার পরের দিনটি পুলিশ দলের জন্য হয়ে উঠল রোমাঞ্চকর। বলা নেই, কওয়া নেই একসঙ্গে তিনজন শিশু গায়েব হয়ে যাওয়ার খবরে নড়েচড়ে বসে জয়পুরের পুলিশ প্রশাসন। পরে অবশ্য পুলিশ সেই তিন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। কিন্তু তাদের হারিয়ে যাওয়ার কারণ শুনে শুধু পুলিশ কেন, সবারই মাথায় হাত। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবি দেখার জন্য বাড়িতে কাউকে না জানিয়ে বের হয়ে গিয়েছিল এই তিন শিশু।
‘বাহুবলী’-জ্বরে ভারত একটু যেন বেশিই কাঁপছে। এর প্রভাব শিশুদের ওপরেও পড়েছে। জয়পুরের এই তিন শিশুই তো তার প্রমাণ। জয়পুরের ঝোতওয়ারা থানার দারোগা গুরু দত্ত বলেন, ‘বুধবার সন্ধ্যায় আমাদের কাছে খবর আসে, শক্তি নগরের ৮-১৩ বছরের তিন শিশু হারিয়ে গেছে। এদের মধ্যে দুই শিশু ভাই, আরেকজন তাদের বন্ধু।’ তিনি আরও জানান, ‘শহরের এমন কোনো জায়গা নেই যেখানে শিশুদের খোঁজা হয়নি। সারা রাত ধরে নানা জায়গায় আমাদের সংবাদবাহক ও পুলিশের টিম তাদের খোঁজ করে গেছে।’
এরপর সন্ধান পাওয়া যায় সেই তিন শিশুর। তারাই জানায় যে তাদের কেউ অপহরণ করেনি। কাটাপ্পা কেন বাহুবলীকে মারল—এ প্রশ্নের উত্তর জানতেই তারা বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়ির কাছেই এক হলে শিশুরা ছবির টিকিট কিনতে যায়। যদিও তারা টিকিট কিনতে পারেনি। আর বাড়ির কাউকে না জানিয়ে আসার ফলে ফিরে যেতেও ভয় পায়। একসময় সত্যি সত্যি বাড়ির পথ হারিয়ে ফেলে তিন শিশু।

দারোগা গুরু দত্ত জানান, শিশুরা নিরাপদেই ছিল। পুলিশ নিজে সেই শিশুদের বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। তবে বাড়ির ফেরার পর মা-বাবার কাছে তারা বকুনি খেয়েছিল কি না, তা অবশ্য জানা যায়নি। বলিউড বাবল।