বাহুবলীর দ্বিতীয় ছবিতে মাধুরী!

‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিটি দারুণ ব্যবসাসফল হওয়ার পর এবার এ ছবির পরিচালক রাজামৌলি নিয়ে আসছেন এ ছবির সিকুয়েল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। দ্বিতীয় ছবিটিতেও আগের অভিনেতা অভিনেত্রীরাই থাকছেন। তবে, এ ছবির অভিনয়শিল্পীর তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি নাম। বলিউডে গুঞ্জন উঠেছে, ‘বাহুবলী দ্য কনক্লুশন’ ছবিতে নাকি দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।
অবশ্য, এ বিষয়ে মাধুরী দীক্ষিত কিংবা চলচ্চিত্র কর্তৃপক্ষ কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু ভারতীয় গণমাধ্যমে এরই মধ্যে মাধুরীর ‘বাহুবলী’ ছবিতে কাজ করার বিষয়টি নিয়ে বেশ আগ্রহের জন্ম হয়েছে। শোনা যাচ্ছে, এ সিকুয়েলে মাধুরী আনুশকা শেঠির বড় বোনের ভূমিকায় অভিনয় করবেন।
বড় বাজেটের এ ছবিতে দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠিকে দেখা গিয়েছিল রানির ভূমিকায়। বলাবাহুল্য, সিকুয়েলেও তিনি একই চরিত্রে থাকছেন। কিন্তু কথা উঠেছে— একই ছবিতে বলিউডের ‘রানি’ মাধুরী দীক্ষিত থাকতে রানির ভূমিকায় অভিনয় করবেন অন্য কেউ! এ বিষয়টি নিয়ে মাধুরী-ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
এর পাশাপাশি কথা উঠেছে বাহুবলীর তৃতীয় কিস্তি বা এ ছবির সিকুয়েল হিসেবে তৃতীয় একটি চলচ্চিত্রও নাকি নির্মাণ করবেন রাজামৌলি। এদিকে, নির্মাতা রাজামৌলি জানিয়েছেন, ‘বাহুবলী’ ছবির এ সিকুয়েলটির মাধ্যমেই এ ছবির গল্প শেষ হবে।
রাজামৌলি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে এ প্রসঙ্গে এক টুইট বার্তায় লিখেছেন, ‘বাহুবলী ৩ নিয়ে অনেক গুজব শোনা যাচ্ছে। দ্বিতীয় গল্পের মধ্য দিয়েই এ ছবির গল্পের সমাপ্তি ঘটবে। এটিকে আর টানা হবে না।
রাজামৌলি আরও লিখেছেন, বাহুবলীর কাহিনির বিষয়টাই এমন যে আগে কখনো কেউ তা ভাবেনি। যথাসময়ে এর রহস্য উন্মোচন করা হবে। গুজবে কান দেবেন না, শুধু আমিই জানি কী ঘটতে যাচ্ছে।’
যদিও নির্মাতা রাজামৌলির এ টুইটে রহস্য আরও বেড়েছে। মাধুরী কী তাঁর নতুন ছবিতে কাজ করছেন, নাকি করছেন না? তা নিয়েও দ্বিধা-দ্বন্দ্ব থেকেই যাচ্ছে।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিতে অভিনয় করেছিলেন, প্রভাস, আনুশকা শেঠি, তামান্নাহ। টাইমস অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।