'বাহুবলী'র প্রভাস-আনুশকা-তামান্না-দাগ্গুবতীরা এখন কে কোথায় কী করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাহুবলী’ সিরিজের বহুপ্রতীক্ষিত দ্বিতীয় ছবিটি যে বাণিজ্যিক সাফল্যে প্রথমটিকেও ছাড়িয়ে যাবে, সেটা ছবি মুক্তির আগে থেকেই ধারণা করছিলেন সংশ্লিষ্টরা। ‘বাহুবলী ১’-এর শেষ দৃশ্যের ক্লাইম্যাক্স প্রায় দুই বছর ধরে সিনেমাপ্রেমীদের মনে প্রভাসদের নিয়ে আগ্রহকে জাগিয়ে রেখেছিল। কাটাপ্পা কেন বাহুবলীকে মারল—প্রশ্নটি ভারতীয় সিনেমার ইতিহাসে চিরকালীন জায়গা করে নিয়েছে। ধারে-ভারে ভারতীয় সিনেমার ইতিহাসে অনেক রেকর্ডেরও জন্ম দিয়েছে।

কয়েক হাজার স্ক্রিনে, বেশ কয়েকটি ভাষায় ২০১৭ সালে ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘বাহুবলী ২’। দক্ষিণের এই ছবি মুক্তির দিন কোনো হিন্দি ছবি ভারতে মুক্তি পায়নি। বিশাল সাজসজ্জা, ব্যয়বহুল সেট, তারকাদের অভিনয়, স্পেশাল ইফেক্টের কারণে মুক্তির পর কয়েক মাস সিনেমাপ্রেমী, সমালোচকেরা কথা বলেছেন এই ছবি নিয়ে। ওই সময় দক্ষিণের বড় তারকা প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেট্টি, তামান্না ভাটিয়া ও সত্য রাজদের পারফরম্যান্স রাতারাতি ভারতের বাইরে ছড়িয়ে পড়ে। ট্রাম্পের দেশেও মুক্তি পায় ছবি। এ বছর মে মাসে মুক্তি পাবে চীনে। ছবিটি মুক্তির পরই ভারতীয় সিনেমার অবয়বে বেশ পরিবর্তন লক্ষ করা যায়।

কিন্তু এখন, অর্থাৎ মুক্তির এক বছর পর ‘বাহুবলী ২’ তারকারা কে, কোথায়, কী করছেন, তা নিয়ে এবারের আয়োজন। বাহুবলী কি তাঁদের সামনে অবারিত দুয়ার খুলে দিয়েছে—তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও বলিউড লাইফ ডট কম।

‘সাহো’ ছবিতে নতুন লুকে দেখা যাবে প্রভাসকে। ছবি: ফেসবুক থেকে।
‘সাহো’ ছবিতে নতুন লুকে দেখা যাবে প্রভাসকে। ছবি: ফেসবুক থেকে।


প্রভাস
‘বাহুবলী’র দুটি ছবির জন্য পাঁচ বছর কোনো ছবি হাতে নেননি প্রভাস। এই সিরিজ শেষেই ভারতের অন্যতম কাঙ্ক্ষিত তারকা বনে যান। অবিবাহিত থাকার লাখে লাখে প্রস্তাব আসতে থাকে। গুঞ্জন রটে যে ‘বাহুবলী’র দেবসেনার (আনুশকা শেট্টি) সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন। আর এ গুঞ্জনের পালে জোর হাওয়া লাগার কারণ হলো, আনুশকা জন্মদিনে প্রভাসকে পছন্দের ঘড়ি উপহার দেওয়ার পর থেকেই। এই তো কয়েক দিন আগেও দক্ষিণের মেগাস্টার সাবেক মন্ত্রী চিঞ্জজীবীর ভাগনির সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জনও সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। সেই ‘রেবেল’–খ্যাত তারকা এখন পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত। তার ‘সাহো’ ছবিটি আরেকটি মেগা বাজেটের ছবি হতে যাচ্ছে। রাজা, যোদ্ধা, প্রেমিক থেকে এবার প্রভাসকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন অবতারে। এখন পর্যন্ত এ ছবির যে যে খবর মিলেছে, তাতে দেখা যাচ্ছে, যে চেহারা রহস্যময় কারণে ঢাকা। তিনি এ ছবিতে পুলিশ বা চোরের ভূমিকায় অভিনয় করছেন কি না, তা নিয়ে বিস্তর আলোচনা। ‘বাহুবলী’র পর অ্যাকশনধর্মী ‘সাহো’ আর তার বিয়ের নানা ধরনের খবর নিয়েই অনেক পাতার খবর বেরিয়েছে গণমাধ্যমে। নতুন এ ছবিতে অবিশ্বাস্য কিছুই করতে চলেছেন প্রভাস। এখন আবুধাবীতে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। ‘সাহো’তে আরও অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।

‘ভ্যাগামেথি’ ছবিতে আইএএস অফিসার চঞ্চলার অভিনয়ে সবাইকে ছাপিয়ে গেছেন আনুশকা। ছবি: বলিউড লাইফ
‘ভ্যাগামেথি’ ছবিতে আইএএস অফিসার চঞ্চলার অভিনয়ে সবাইকে ছাপিয়ে গেছেন আনুশকা। ছবি: বলিউড লাইফ


আনুশকা শেট্টি
পর্দায় ‘বাহুবলী’র দেবসেনার শক্তিশালী উপস্থিতি দর্শকের মধ্য বেশ সাড়া ফেলেছিল। কর্মচঞ্জল নারীর তলোয়ার হাতে যুদ্ধের বেশে শত্রুদের মোকাবিলার পরে তার দৃঢ়চেতা মনোভার গ্রহণ করছিলেন সবাই। এরপর আনুশকা শেট্টি একটি আধুনিক সমসাময়িক থ্রিলারের কাজ শেষ করেন। ‘ভ্যাগামেথি’ নামের ওই ছবিতেও তিনি মর্মস্পর্শী কর্মক্ষমতা দেখান। ‘আইএএস অফিসার চঞ্চলা’ নামের এ ছবিতে আনুশকার অভিনয়ও ছাপিয়ে গেছে তাঁর ২০০৯ সালের ছবি ‘অরুন্ধতীকে’ও। গোয়েন্দাকেন্দ্রিক এই ছবিতেও বাজিমাত করেছেন দেবসেনা। নারীকেন্দ্রিক তাঁর ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স অফিসেও সুপার ডুপার হিট।

তামান্না ভাটিয়াকে নন্দামুরি কল্যাণ রামের সঙ্গে প্রেমকাহিনি ‘না নুভে’তে দেখা গেছে। ছবি: বলিউড লাইফ
তামান্না ভাটিয়াকে নন্দামুরি কল্যাণ রামের সঙ্গে প্রেমকাহিনি ‘না নুভে’তে দেখা গেছে। ছবি: বলিউড লাইফ

তামান্না ভাটিয়া
তামান্না ভাটিয়াকে শিগগিরই দেখা যাবে ‘না নুভে’তে। নন্দামুরি কল্যাণ রামের সঙ্গে এই প্রেমকাহিনিতে অনন্য তামান্না। এঁরা প্রথমবারের মতো জুটি বাঁধছেন। ছবিটি আগামী ২৫ মে মুক্তি পাবে। তামান্না সম্প্রতি উদয় স্টালিনের সঙ্গে ‘কানে কালাইমানে’ অভিনয় করেছেন। মুক্তিযোদ্ধার জীবনযাত্রার ভিত্তিতে তিনি ‘সিনে রা নারসিফ রেড্ডি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ভারতের স্বাধীনতাসংগ্রামী নরসিমহা রেড্ডির জীবনী তৈরি দক্ষিণের ছবি ‘সাই রা নরসিমহা রেড্ডি’তে কাজ করছেন তামান্না। বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন ও দক্ষিণের মেগা স্টার চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করবেন ‘বাহুবলী’ অভিনেত্রী তামান্না ভাটিয়া।

‘হাতি মেরা সাথি’তে ‘বাহুবলী’র বল্লালদেব। ছবি: বলিউড লাইফ
‘হাতি মেরা সাথি’তে ‘বাহুবলী’র বল্লালদেব। ছবি: বলিউড লাইফ

রানা দাগ্গুবতী
‘বাহুবলী’র পরে বল্লালদেবের জন্য একাধিক দরজা খুলে যায়। রানা দাগ্গুবতীকে শেষবার ‘নেনি রাজু নেনি মন্ত্রী’তে দেখা যায়। তবে একসঙ্গে, রানা দাগ্গুবতীর একাধিক ছবি রিলিজের অপেক্ষায় আছে। ভারতের স্বাধীনতার পূর্বের সময় নিয়ে ‘১৯৪৫’, ‘হাতি মেরা সাথি’, ঐতিহাসিক সময় নিয়ে মালায়লাম ছবি ‘কিং অব ত্রিভাঙ্কুর’ শুটিং চলছে। ‘কিং অব ত্রিভাঙ্কুর’ ছবিতে রাজা হিসেবে অভিনয় করছেন রানা। এ ছাড়া তেলেগু ভাষায় ডাবিং করা ‘এভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে’ কণ্ঠও দিয়েছেন রানা দাগ্গুবতী।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। ছবিটি তখন বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। ৭৫০ কোটি রুপির বেশি অর্থ আয় করেছিল দক্ষিণের এই সিনেমা।
ভারতসহ বিশ্বব্যাপী ১ হাজার ৮০০ কোটি আয় করে আলোচনা জন্ম দিয়েছিল বহুল আলোচিত ছবি ‘বাহুবলী ২’। দর্শকপ্রিয়তা কিংবা ব্যবসার দিক দিয়ে ভারতীয় সিনেমার বক্স অফিসের ইতিহাস ওলট-পালট করে দেওয়া প্রভাস-আনুশকার ছবিটি। এ বছরের মেতে মুক্তি পেতে যাচ্ছে চীনে। একসঙ্গে চীনের ছয় হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। আগামী মে মাসের ৪ তারিখে ছবিটি মুক্তি পাবে সেখানে। চীনে মুক্তি পাওয়া নিয়ে আলোচনার জন্ম দিয়েছে প্রভাসের ‘বাহুবলী’।