বাড়ি ফিরেছে মিরা-শহীদের মেয়ে মিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক কন্যাকে নিয়ে বাড়ির পথে শহীদ কাপুর ও মিরা রাজপুত
নবজাতক কন্যাকে নিয়ে বাড়ির পথে শহীদ কাপুর ও মিরা রাজপুত

বাবার কোলে ফুটফুটে কন্যা শিশু বাড়ি ফিরছে। এই দৃশ্যটিকে যদি পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য বলা হয় তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হবে? আপনার ভাবনা যা-ই হোক, চোখ বন্ধ করে এমন একটি দৃশ্য ভাবুন। ভাবতেও ভালো লাগবে।

এমন একটি সুন্দর দৃশ্য আজ দেখা গেল মুম্বাইয়ের ‘হিন্দুজা হেলথ কেয়ার’ হাসপাতালের সামনে। বাবা শহীদ কাপুরের কোলে চড়ে ঘরে ফিরল ছোট্ট মেয়েটা।
এই দৃশ্যটির জন্যই গত কয়েক দিন ধরে বলিউডপ্রেমীরা চাতক পাখির মতো অপেক্ষায় ছিল। কিন্তু বাবা শহীদ ঠিকই জানেন উৎ​সুক আলোকচিত্রীদের কীভাবে সামলাতে হয়। তাই একেবারে নায়কের মতোই মেয়েকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাবা। হাঁটার সময় খুব সাবধানী বাবা শহীদ। তবে স্ত্রী মিরাকে দেখে মনে হলো বাড়ি ফেরার খুব তাড়া তাঁর। তাই শহীদের থেকে দু’কদম আগেই হাঁটতে দেখা যায় তাঁকে।
এদিকে নবজাতকের নামের ব্যাপারে দারুণ গুঞ্জন এখন বলিউডপাড়ায়। শহীদের মা নবজাতকের জন্মের আগেই ​গণমাধ্যমে জানিয়েছিলেন যে, তাঁদের বাড়ির নতুন অতিথির নাম শহীদ ও মিরা দুজনে মিলেই রাখবেন। মা-বাবা দুজনের নামের ছায়াই থাকবে নবজাতকের নামে। তাই কাপুর বাড়িতে পৌঁছানো পর থেকেই নবজাতকের নতুন নাম ফাঁস হয়ে গেছে সবখানে। শোনা যাচ্ছে, মিরার ‘মি’ (Mi) আর শ​হীদের ‘শা’ (Sha) ​যুক্ত করে নবজাতকের নাম রাখা হবে ‘মিশা’। তবে এটা আপাতত গুঞ্জন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কারণ এখনো কাপুর বাড়ি​ থেকে কেউ নামটি নিশ্চিত করেননি।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের ‘হিন্দুজা হেলথ কেয়ার’ হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন শহীদের স্ত্রী মিরা রাজপুত। জন্মের সময় শিশুটির ওজন ছিল ২ কেজি ৮০০ গ্রাম। ইন্ডিয়ান এক্সপ্রেস।