বাড়ি ফিরেছেন বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ইংরেজি নববর্ষের শুরুতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানকে। পয়লা জানুয়ারি আবার তাঁর জন্মদিনও ছিল। স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায়ের সঙ্গে ইংরেজি নববর্ষ এবং জন্মদিন উদ্‌যাপন করতে বিদ্যা উড়াল দিতে চেয়েছিলেন। কিন্তু যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে বিমানে ওঠার পরপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই ‘কাহানি’ অভিনেত্রী। জরুরি ভিত্তিতে বিমান থেকে তাঁকে নিয়ে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে, এখন শঙ্কা অনেকটাই কেটে গেছে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে, হাসপাতাল থেকে গতকাল ছাড়া পেয়ে বিদ্যা তাঁর নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইটও করেছেন। টুইটারে তাঁর টুইট বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যা লিখেছেন, ‘জন্মদিনে বাড়ি ফিরতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ। আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ এবং শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের নববর্ষ শুভ হোক।’

সূত্রটি আরও জানিয়েছে, বিদ্যা এবং সিদ্ধার্থ দম্পতি ভারতের মুম্বাই থেকে প্রথমে আবুধাবিতে গিয়েছিলেন। কথা ছিল, সেখান থেকে আরেকটি ফ্লাইটে তাঁদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা করবেন তাঁরা। যাত্রার জন্য বিমানেও উঠেছিলেন এই দম্পতি। কিন্তু কিছুক্ষণ পর, বিমানটি যখন ওড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই বিদ্যা খুব ব্যথা অনুভব করতে থাকেন।

ব্যথার মাত্রা এতই প্রচণ্ড ছিল যে, কর্তব্যরত চিকিৎসাকর্মীরা এসে বিদ্যাকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের ক্লিনিকে নিয়ে যায়। এ সময় বিদ্যার শরীরের তাপমাত্রা খুব বেড়ে গিয়েছিল। তাপমাত্রা কিছুটা কমার পর বিদ্যার অবস্থার কিছুটা উন্নতি হলে আরেকটি ফ্লাইটে তাঁরা মুম্বাইতে ফিরে আসেন। এরপর বিদ্যাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা ধারণা করছেন, বিদ্যার একটি কিডনিতে পাথর হয়ে থাকতে পারে। অবশ্য, বিদ্যার অবস্থা এখন কিছুটা ভালো। জন্মদিন দেশের বাইরে পালন করতে না পারলেও সেদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসতে পেরেছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী, আপাতত এটিই সুখবর। এনডিটিভি।