বাড়িতেই পদ্মবিভূষণ হাতে নিলেন দিলীপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার
দিলীপ কুমার

ঘোষণা হয়েছিল আগেই, কথা ছিল রাষ্ট্রপতি ভবনে গিয়ে মূল্যবান এই পুরস্কার হাতে তুলে নেবেন। কিন্তু শরীর সায় দেয়নি ৯০ পার হওয়া কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের। গতকাল রোববার বলিউডের অভিনেতা দিলীপ কুমারের বাসায় গিয়ে তাঁর হাতে পদ্মবিভূষণ সম্মাননা তুলে দেওয়া হয়েছে। এদিন মুম্বাইয়ের বান্দ্রায় প্রবীণ অভিনেতার বাসভবনে গিয়ে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ সময় এই অভিনেতাকে একটি পদক, একটি প্রশংসাপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।
রোববার পদ্মবিভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু, মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওসহ অনেক বিশিষ্টজনরা।
১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকায় জন্মগ্রহণ করেছিলেন দিলীপ কুমার। বাবা গুলাম সাওয়ার ছিলেন একজন ফল ব্যবসায়ী। তিনি তাঁর ছেলের নাম রেখেছিলেন মহম্মদ ইউসুফ খান। মুম্বাইয়ের বহু বর্ণিল চলচ্চিত্রের দুনিয়ায় সেই ইউসুফ খানই এক সময় খ্যাতি পান কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার হিসেবে।
১৯৪৪ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘জোয়ার ভাঁটা’। এরপর দীর্ঘ ছয় দশক ধরে অসংখ্য ছবিতে তাঁর অভিনয় অযুত দর্শকের মন জয় করেছে, মুগ্ধ করেছে ভারতীয় চলচ্চিত্রের দর্শকদের। ১৯৯৮ সালে দিলীপ কুমার অভিনীত শেষ ছবি ‘কিলা’ মুক্তি পায়। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৯১ সালে ‘পদ্মভূষণ’ সম্মাননা পান তিনি। ১৯৯৪ সালে তাঁকে দাদাসাহেব ফালকে সম্মাননা দেওয়া হয়।
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার এ পর্যন্ত পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, এনটিআর পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারসহ আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চসংখ্যক পুরস্কার পাওয়ার কারণে এই অভিনেতার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে। এনডিটিভি।