বিক্রান্তের সঙ্গে সারার জুটি
বেশ কিছু দিন ধরেই ভালো একটা চিত্রনাট্যের সন্ধানে ছিলেন সারা আলী খান। তাঁর এই খোঁজার পালা বোধ হয় শেষ হয়েছে। ‘ভূত পুলিশ’-এর পরিচালক পবন কৃপালানীর আগামী ছবি ‘গ্যাসলাইট’–এ অভিনয় করতে চলেছেন এই বলিউড নায়িকা। তাঁর বিপরীতে আছেন বিক্রান্ত ম্যাসী।
এর আগে খবর বেরিয়েছিল যে সারা আর বিক্রান্তকে এক রোমান্টিক-কমেডি ছবিতে দেখা যাবে। তবে পরিচালক পবন কৃপালানী জানিয়েছেন খবরটা ভুল ছিল। জানা গেছে, ছবিটা আসলে সাইকোলজিক্যাল রিলেশনশিপ ড্রামা। নির্মাতারা মনে করছেন যে ভিন্ন এক স্বাদ বয়ে আনবে এই তাজা জুটি। ‘গ্যাসলাইট’কে ঘিরে ইন্ডাস্ট্রিতে আরেকটি গুঞ্জন আছে। ছবিতে বলিউডের এক নামকরা অভিনেত্রীকেও নাকি দেখা যাবে। তবে এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করেননি নির্মাতারা। রমেশ তৌরানি প্রযোজিত ছবিটির শুটিং আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা।
সামনে সারাকে দক্ষিণের তারকা ধানুশের সঙ্গে ‘আতরঙ্গী রে’তে দেখা যাবে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে সারা আর ধানুশ নাকি স্বামী-স্ত্রী। আর স্ত্রীর স্বপ্নের রাজকুমার হয়ে ওঠার জন্য ধানুশ যেকোনো অদ্ভুত কাজ করতে থাকবেন। আনন্দের এই ছবিতে অতিথি চরিত্রে আছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।
জানা গেছে, তাঁর অভিনীত চরিত্রটি নাকি বাস্তবের কেউ নয়। শুধু সারার কল্পনায় অক্ষয়ের উপস্থিতি। এই ছবির শুটিং শেষ হওয়ার পর আনন্দের আগামী ছবির শুটিং শুরু করবেন সারা বলে রব উঠেছে। ছবির নাম ‘নখরেওয়ালি’। সারাকে নাকি ছবির মূল ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে তাঁর নায়ক বলিউড অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল। সানি এর আগে অক্ষয়ের ‘গোল্ড’ ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন।