বিগ বসে বিজয়ী প্রিন্স নারুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স নারুলা
প্রিন্স নারুলা

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৯’-এর আসরে বিজয়ী হয়েছেন প্রিন্স নারুলা। গতকাল শনিবার এই রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিগ বসের আগে আরেকটি রিয়েলিটি শো ‘মি. পাঞ্জাব’ জিতেছিলেন প্রিন্স নারুলা। এ ছাড়া তিনি অংশ নিয়েছিলেন ‘রাওডি’ ও ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোতে।

গতকাল শনিবার বিগ বস গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে টিকে থাকা চার প্রতিযোগী রোশেলে রাও, ঋষভ সিনহা, মান্দানা কারিমি ও প্রিন্স নারুলার মধ্যে প্রতিযোগিতা থেকে প্রথমেই ছিটকে যান মান্দানা কারিমি। এরপর বাদ পড়েন রোশেলে রাও। শেষ পর্যন্ত টিকে থাকেন ঋষভ ও প্রিন্স। টান টান উত্তেজনার মাঝে বিগ বস সঞ্চালক সালমান খান সবশেষে প্রিন্স নারুলাকে এবারের বিগ বস আসরের বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

বিগ বসের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের ফলাফল ঘোষণার আগে চার প্রতিযোগী মুখোমুখি হন অভিনেতা অর্জুন কাপুরের। আরেকটি টেলিভিশন রিয়েলিটি শো ‘খাতরো কে খিলাড়ি’র প্রচারের জন্যই বলিউডের এই অভিনেতা বিগ বসের গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে এসেছিলেন।

বিগ বস গ্র্যান্ড ফিনালের বিশেষ এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল ক্যাটরিনা কাইফের মঞ্চে আসা। তাঁকে স্বাগত জানান সালমান খান স্বয়ং। ক্যাটরিনার সঙ্গে এসেছিলেন ‘ফিতুর’ ছবির অভিনেতা সিদ্ধার্থ রায় কাপুর।

এ সময় সালমানের উপস্থাপনা, বিশেষ করে ক্যাটরিনার প্রতি তাঁর তাকানো; সংলাপ—সব মিলিয়ে কিছুটা রহস্যময় ছিল বটে, কিন্তু এ অনুষ্ঠানের শ্রোতা-দর্শকেরা সবচেয়ে উপভোগ করেছেন ‘ফিতুর’ ছবির প্রচার উপলক্ষে বিগ বসের মঞ্চে আসা ক্যাটরিনা ও সালমানের কথোপকথন।

সালমান খান ‘ফিতুর’ প্রসঙ্গ টেনে ক্যাটরিনার হাত ধরে সংলাপও আওড়ান।


সালমান খানের হাত ধরেই ক্যাটরিনা কাইফের বলিউডে পা রাখা। এই তারকা অভিনেতার সঙ্গে একটা সময় ক্যাটরিনা কাইফের গভীর প্রেম ছিল বলেও খবর রটেছিল।

যা হোক, ‘বিগ বস-৯’-এর গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে উপস্থিত ক্যাটরিনা কাইফ ছিলেন কিছুটা আড়ষ্ট! ক্যাটরিনার এই আড়ষ্টতা সাবেক প্রেমিক সালমানের কারণে কি না, কে জানে! এনডিটিভি। হিন্দুস্তান টাইমস।