বিগ বসে সালমান-শাহরুখ!

সালমান ও শাহরুখ, বলিউডের এই দুই খানের মাঝে একটা অদৃশ্য দেয়াল বহুদিন ধরেই ছিল। গত পাঁচ বছর একে অন্যের ছায়াও মাড়াননি তাঁরা। কিন্তু কিছুদিন ধরেই যেন সেই দেয়ালটি ভাঙার চেষ্টা করছেন দুজনেই। এই তো কদিন আগে শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁর বাংলোয় মধ্যরাতে গিয়েছিলেন সালমান। আবার এ ঘটনার আগে হিট-অ্যান্ড-রান মামলার রায়ের পরপর সালমানের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে, ‘বিগ বস-৯’-এ একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খানকে।
শাহরুখকে নিজের শোতে নিয়ে আসার বিষয়ে নাকি প্রথম আগ্রহ দেখিয়েছেন সালমান খান নিজেই। ‘করণ-অর্জুন’ ছবিতে শাহরুখের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা।
বিগ বস ও শাহরুখ প্রসঙ্গে সালমান বলেন, ‘শাহরুখকে আমার অনুষ্ঠানে নিয়ে আসতে চাই। যদি ওর সময় থাকে, আর যদি সে আসতে চায়; তাহলে তো দারুণ হবে।’ শাহরুখ যদি প্রতিযোগীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তাহলে তো আরও ভালো হবে— জানিয়েছেন সালমান।
শাহরুখ ও সালমান অভিনীত ‘করণ-অর্জুন’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল ‘করণ-অর্জুন’। সর্বশেষ ২০০২ সালে ‘হাম তুমহারে হ্যায় সোনম’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও সালমানকে।
একটা সময়ে শাহরুখ ও সালমানের ভেতরে দারুণ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সেই বন্ধুত্বে ফাটল ধরে ২০০৮ সালে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে। সেদিন তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখ-সালমান। সেই থেকে তাঁদের মধ্যে দূরত্বটা ক্রমেই বাড়তে থাকে। তাঁরা বছরের পর বছর কথা বলেননি। সুযোগ পেলেই কথার মারপ্যাঁচে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করতেন। ইন্ডিয়ান এক্সপ্রেস। এনডিটিভি।