বিগ বসের শুটিং না করেই চলে গেলেন সানি!

গত বছরের ২৭ ডিসেম্বর ছিল বলিউডের ‘ভাইজান’ সালমান খানের জন্মদিন। সেদিনই বয়সের দিক দিয়ে হাফ সেঞ্চুরি করেছেন সালমান। তারকা যেমন বড়, তাঁর জন্মদিনের উৎসবটাও তো তেমন জাঁকজমকপূর্ণভাবেই হবে। সেদিন বিগ বসে এসেছিলেন বলিউডের আরেক তারকা অভিনেতা সানি দেওল। কিন্তু এই আয়োজনের কারণে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে শুটিং না করেই চলে গিয়েছিলেন সানি।
সেদিন সালমানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস ৯’-এর শুটিংয়ের ফাঁকে তেমনই এক জাঁকজমকপূর্ণ উদ্যাপন হচ্ছিল। সে কারণে সেটে ঘণ্টার পর ঘণ্টা বাধ্য হয়েই অপেক্ষায় থাকতে হয়েছিল আরেক বলিউডের তারকা সানি দেওলকে। সানি সেখানে গিয়েছিলেন তাঁর নতুন ছবি ‘ঘায়েল ওয়ানস অ্যাগেইন’ এর প্রচারের জন্য। কিন্তু একটা পর্যায়ে যখন সানির বিরক্তি সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন তিনি কাউকে না বলেই শুটিং সেট ত্যাগ করেন।
এর আগে সেটে সালমানের সঙ্গে সানির দেখা ও আলাপ হলেও সালমান যখন বিরতি শেষে আবারও ঘরে ঢুকেছিলেন, তারপর যেন ‘অনন্তকাল’ অতিবাহিত হলেও তিনি আর বেরই হতে চাইছিলেন না। এদিকে, সালমান কখন ফিরবেন আর কখন শুটিং শুরু হবে— এই অপেক্ষায় সানি দেওলের অনেকটা সময় পেরিয়ে গেছে। শেষে যারপরনাই বিরক্ত ও রাগান্বিত হয়েই সেখান থেকে শুটিং না করে বেরিয়ে এসেছেন সানি দেওল।
অবশ্য, বিষয়টি নিয়ে সানি দেওল কিংবা সালমান কারও কোনো মন্তব্য মেলেনি। মিড-ডে।