বিচ্ছেদ মৃত্যুর চেয়েও ভয়ংকর: হৃতিক

সুজান খানের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর এক সাক্ষাৎকারে হৃতিক রোশন বলেছিলেন, বিচ্ছেদ সহজ ও সাদামাটা একটি বিষয়। কিন্তু তখন সম্ভবত বিচ্ছেদ নিয়ে নিজের ভেতরের সত্যিকার আবেগ আড়াল করেছিলেন ৪০ বছর বয়সী এ তারকা অভিনেতা। কারণ সম্প্রতি বিচ্ছেদ বিষয়ে একটি উক্তি করেছেন হৃতিক। তিনি বলেছেন, ‘বিচ্ছেদ মৃত্যুর চেয়েও ভয়ংকর।’
হৃতিকের এই উক্তি থেকে খুব সহজেই বোঝা যায়, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর কতটা যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি হৃতিকের এই উক্তি নিয়ে প্রচ্ছদ কাহিনি ছেপেছে ভারতের প্রথম সারির ম্যাগাজিন ফিল্মফেয়ার।
বিচ্ছেদের পর কঠিন সময় পার করতে হয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে হৃতিক বলেছিলেন, ‘এক অর্থে হ্যাঁ। কিন্তু পাশাপাশি বিচ্ছেদ আমাকে অজ্ঞতামুক্ত করেছে। আমি উপলব্ধি করেছি, যখন আপনি জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ উতরে যান, তখন বাকি সবকিছু আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। এদিক থেকে চিন্তা করলে বিচ্ছেদ বেশ সহজ ও সাদামাটা একটি বিষয়।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
আরেকটি সাক্ষাৎকারে বিচ্ছেদের পাশে সমস্যা শব্দটি যুক্ত করার পক্ষপাতী নন বলেই জানিয়েছিলেন হৃতিক। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘আমি মনে করি, সমস্যা আসলে ভুল একটি শব্দ। আমি সমস্যার পরিবর্তে শক্তি শব্দটি ব্যবহারের পক্ষপাতী। কারণ জীবনে যত সমস্যা এসেছে, আমি তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। এভাবে সমস্যাকে শক্তিকে পরিণত করেছি আমি। বলা যায়, সমস্যা আমাকে অনেক বেশি সৃষ্টিশীল করেছে।’