বিচ্ছেদের বক্তব্য যৌথ নয়?

বলিউডের তারকা দম্পতি মালাইকা-আরবাজের বিচ্ছেদ নিয়ে আরও কত জল যে ঘোলা হবে কে জানে! গুঞ্জন শোনা যাচ্ছিল, তাঁরা তালাকের কথা ভাবছেন, কিন্তু আরবাজ বা মালাইকা কেউই তখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি। যখন তাঁদের বিচ্ছেদের বিষয় নিয়ে বলিউডে কানাঘুষা চলছে, তখনই একদিন একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে আরবাজ জানিয়েছিলেন, স্ত্রী মালাইকাকে অসম্ভব ভালোবাসেন তিনি, তাঁকে কোনমতেই হারাতে চান না। এমন খবরে আরবাজ-মালাইকার শুভাকাঙ্খীরা যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখনই আবার গণমাধ্যম মারফত জানা গেল, মালাইকা বিচ্ছেদের জন্য তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে গেছেন। সোমবার তাঁরা দুজন নিজেদের ব্যক্তিগত বিষয়ের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করে একসঙ্গে একটি বক্তব্য দিয়েছেন। সেখান থেকে জানা যায়, তাঁরা এখন আর এক ছাদের নিচে থাকছেন না; তবে মুম্বাই মিরর জানাচ্ছে ভিন্ন কথা।
মালাইকা-আরবাজের আলাদা হওয়ার যে যৌথ বক্তব্য সোমবার ভারতের গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল, সেটা নাকি আরবাজ খান মালাইকার সঙ্গে কথা না বলেই দুজনের বলে চালিয়ে দিয়েছেন। এমন খবরই রটেছে এখন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক তাঁদের এক বন্ধু জানিয়েছেন, আরবাজকে ছোট করার জন্যই নাকি এসব খবর ছড়ানো হচ্ছে। সূত্রটি আরও জানায়, আরবাজের উপর নাকি পারিবারিক কিছু চাপও আছে। এভাবে নয়, তাঁরা চান আরবাজ সম্মানের সঙ্গে তালাকের বিষয়টি মিটমাট করে ফেলুক।
তাঁদের সেই ‘বন্ধু’ এও জানান, মালাইকার পরিবার আরবাজকে নিয়ে মোটেও খুশি নন এবং মালাইকারও আর খান পরিবারের বউ হয়ে থাকার কোন ইচ্ছা নেই। অবশ্য এসব উড়ো খবরে কিছুই খোলাসা হচ্ছেনা। মালাইকা-আরবাজ আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত একটু ধৈর্য্য তো তাই ধরতেই হবে। এনডিটিভি।