বিজ্ঞাপনে এবার মা-বাবা দুজনের সঙ্গেই দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা প্রকাশ পাডুকোণের সঙ্গে দীপিকা, পেছনে মা উজ্জ্বলা পাডুকোণ।
বাবা প্রকাশ পাডুকোণের সঙ্গে দীপিকা, পেছনে মা উজ্জ্বলা পাডুকোণ।

সম্প্রতি দীপাবলি উৎ​সব বা ‘দিওয়ালি’ উপলক্ষে ভারতের একটি অলংকার নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন ব​লিউডের তারকা দীপিকা পাডুকোণ। যদিও বিজ্ঞাপনে অংশ নেওয়ার বিষয়টা দীপিকার জন্য নতুন কোনো বিষয় নয়। এর আগেও বহু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি, কিন্তু একটি বিশেষ কারণে বিজ্ঞাপনচিত্রটি দীপিকার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপনচিত্রটিতে দীপিকার সঙ্গে পর্দায় দেখা যাবে তাঁর বাবা-মাকেও।

অবশ্য এর আগেও একবার দীপিকা তাঁর মা উজ্জ্বলা পাডুকোণের সঙ্গে একই ব্র্যান্ডের আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। দীপিকার বাবা নামকরা ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাডুকোণের সঙ্গেও কিছুদিন আগেই তাঁকে দেখা গেছে একটি রঙের কোম্পানির বিজ্ঞাপনে। তবে এবারই প্রথম বাবা ও মায়ের সঙ্গে পর্দায় দেখা মিলল পাডুকোণ কন্যার।
গয়নার এই বিজ্ঞাপনটিতে উৎসবে পারিবারিক বন্ধনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কর্তব্যপরায়ণ এক মেয়ের ভূমিকাতেই দেখা যাচ্ছে দীপিকা পাডুকোণ​কে। আবার রঙের বিজ্ঞাপনটিতেও দীপিকাকে বাবার আদুরে মেয়ের ভূমিকাতেই দেখা গেছে।
প্রকাশ-উজ্জ্বলা পাডুকোণ দম্পতির বড় মেয়ে দীপিকা। দীপিকার ছোট বোন আনিসা একজন গলফ খেলোয়াড়। ইন্ডিয়ান এক্সপ্রেস।