বিদায় জাফরি

ক্যারিয়ারের শুরুর দিকেই পেয়ে গিয়েছিলেন দারুণ এক ব্রেক। শন কনোরি, মাইকেল কেইনদের মতো তারকাদের সঙ্গে কাজ করেছিলেন বহুল আলোচিত ছবি দ্য ম্যান হু উড বি কিং-এ। সেই সাফল্য টাটকা থাকতেই শতরঞ্জ কি খিলাড়ি। সত্যজিৎ রায়ের এই ছবি দিয়েই জিতেছিলেন সেরা অভিনেতার পুরস্কার। জেমস আইভরি, রিচার্ড অ্যাটেনবরোর মতো পরিচালকদের সঙ্গে কাজ করা সাঈদ জাফরি গত রোববার ৮৬ বছর বয়সে মারা গেছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে বাণিজ্যিক ধারার ছবিতে নিজেকে হারিয়ে ফেললেও জাফরির যাত্রা শুরু হয়েছিল মঞ্চে। নাটকে অবদান রাখার জন্য প্রথম ভারতীয় হিসেবে ওবিই (অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার) খেতাব পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে শেক্সপিয়ারের নাটক নিয়ে সফরে যাওয়া প্রথম ভারতীয়ও তিনি।
বয়সের কারণে অবশ্য গত কয়েক বছরে গুটিয়ে নিচ্ছিলেন নিজেকে। সেই বয়সের কারণেই হার মেনে জীবনের অধ্যায়টাকে একেবারে গুটিয়ে ফেললেন শেষ পর্যন্ত। টিওআই।