বিদায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিউটন’ ছবির দৃশ্য
‘নিউটন’ ছবির দৃশ্য

২০১৮ সালের অস্কার দৌড় থেকে বিদায় নিতে হলো ভারতকে। গতকাল শুক্রবার অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে ‘বিদেশি ভাষার ছবি’র তালিকা প্রকাশ করা হয়। সেখানে নেই ভারতের ছবির নাম। প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’।

ভারত থেকে মনোনীত এই ছবি নিয়ে অনেকেই স্বপ্ন দেখেছিলেন। সংবাদমাধ্যমকে দেওয়া মন্তব্যে তাঁরা নিজেদের আশার কথা প্রকাশ করেছিলেন এভাবে, ‘ছবিটির অস্কার পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তা না হলেও সেরা পাঁচে মনোনয়ন তো পাবেই।’ কিন্তু ‘নিউটন’ অস্কারের সেরা নয় ছবির তালিকায়ও স্থান পায়নি। আগামী ২৩ জানুয়ারি অস্কারের সব বিভাগের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে যে নয়টি ছবি এখনো টিকে আছে, সেগুলো হলো চিলির ‘আ ফ্যান্টাস্টিক উইম্যান’, জার্মানির ‘ইন দ্য ফেড’, হাঙ্গেরির ‘অন বডি অ্যান্ড সৌল’, ইসরায়েলের ‘ফক্সফোর্ট’, লেবাননের ‘দ্য ইনসাল্ট’, রাশিয়ার ‘লাভলেস’, সেনেগালের ‘ফেলিসিট’, দক্ষিণ আফ্রিকার ‘দ্য উন্ড’ এবং সুইডেনের ‘দ্য স্কয়ার’।

এদিকে অস্কার থেকে বাদ পড়েছে অ্যাঞ্জেলিনা জোলির বহুল আলোচিত ছবি ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবিটি।

আগামী ৪ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে অস্কারের ৯০তম আসর।