বিদেশিনীর সঙ্গে আবার হৃতিক
‘কাইটস’ ছবিতে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গী ছিলেন মেক্সিকান অভিনেত্রী বারবারা মোরি। নতুন ছবিতে আবার হৃতিকের সঙ্গে কি কোনো বিদেশিনীকে দেখা যাবে, এমন আলোচনা শুরু হয়েছে বলিউডে।
সম্প্রতি হলিউডের এক অভিনেত্রীর সঙ্গে হৃতিকের একটি ছবি ঘুরতে দেখা গেছে অনলাইনে। সেই ছবিই বলিউডে এমন আলোচনার জন্ম দিয়েছে। নতুন এই অভিনেত্রীর নাম সামান্থা লকউড। হলিউড অভিনেতা স্ট্যানলি কুব্রিকের সিনেমা ‘২০০১: আ স্পেস ওডিসি’তে অভিনয় করেছিলেন গ্যারি লকউড। গ্যারির মেয়ে সামান্থা লকউড।
ইনস্টাগ্রামে হৃতিক ও সামান্থার যুগল ছবি পোস্ট করেছেন সামান্থা নিজেই। তিনটি ছবির একটিতে দেখা গেছে, পার্কে দাঁড়িয়ে আছেন দুজন। কোথাও ক্যামেরার সঙ্গে চোখাচোখি, কোথাও পরস্পরের সঙ্গে আলাপে মগ্ন। সামান্থা লিখেছেন, ‘এই অভিনেতার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। তিনিও জন্মেছেন চলচ্চিত্র পরিবারে।’
টিভি সিরিজ ‘হাওয়াই ফাইভ-০’ এবং ‘টার্ন ব্যাক নাও’, ‘সাই ফাইটার’, ‘মেক্সিকান গোল্ড’, ‘শুট দ্য হিরো’র মতো সিনেমাগুলোতে অভিনয় করেছেন সামান্থা। নতুন বছরের জানুয়ারি মাসে হৃতিকের ছবি ‘ফাইটার’ মুক্তি পাচ্ছে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি শেষ হলো ‘বিক্রম বেদা’ ছবির শুটিং। দক্ষিণ ভারতীয় এই ছবির হিন্দি রিমেকে হৃতিককে দেখা যাবে সাইফ আলী খানের সঙ্গে।