বিদ্যা থেকে দুর্গা রানি সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালন
বিদ্যা বালন

চোখের নিচে কালি পড়া, উসকো খুশকো চুলের এক যুবতীকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ৩৬ বছর বয়সী এই নারীর নাম দুর্গা রানি সিং। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে অপহরণ ও খুনের অভিযোগ। তাই ছবিসহ ‘ওয়ান্টেড’ পোস্টার ছাপিয়ে দেওয়া হয়েছে পুরো শহরজুড়ে। এই আসামির চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। আর দুর্গা রানির চরিত্রটি ‘কাহানি ২’ সিনেমার। সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে বিদ্যা বালানই তাঁর স্বামীর খুনির খোঁজ করছিলেন। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল বাস্তবের নামেই। আর ছবির সিক্যুয়েলে তিনিই হয়েছেন খুনি। এখানে পুলিশের ভূমিকায় দেখা যাবে অর্জুন রামপালকে।
প্রথমে ‘দুর্গা রানি সিং’ নামের একটি সিনেমা নির্মাণ করার কথা ছিল সুজয়ের। পরে যেকোনো কারণে সেটি আর করা হয়ে ওঠেনি। তাই কাহানির সিক্যুয়েলেই এই নামটি কাজে লাগিয়েছেন তিনি।
‘কাহানি ২’ মুক্তি দেওয়ার কথা ছিল নভেম্বরের ২৫ তারিখে। কিন্তু সেদিনই আবার মুক্তি পেতে যাচ্ছে আলিয়া ভাট ও শাহরুখ খানের ‘ডিয়ার জিন্দেগি’। ‘কাহানি ২’-এর প্রযোজক জয়ন্তীলাল তাই মুক্তির তারিখ পিছিয়ে ডিসেম্বরে নিয়েছেন।
প্রযোজক জয়ন্তীলাল জানান, মহেশ ভাটের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক। তাই নিজে থেকেই ছবি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলিউড হাঙ্গামা।