বিদ্যার ছবিতে আশার ফেরা

তাঁকে ‘প্লেব্যাক রানি’ বললে ভুল হবে না। ‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিলকো’, ‘জারা সা ঝুম লু মে, আরে নারে নারে না’, ‘রঙিলা রে’র মতো অসাধারণ সব গান উপহার দিয়েছেন আশা ভোঁসলে। প্লেব্যাকে শ্রোতা-হৃদয় জয় করা এই কিংবদন্তি শিল্পী ২০১৩ সালে শেষ প্লেব্যাক করেন। এরপর আর তাঁর গানে কাউকে ঠোঁট মেলাতে দেখা যায়নি। এবার শোনা গেল, বিদ্যা বালান অভিনীত বেগম জান ছবিতে ফিরছেন এই প্লেব্যাক রানি।
জাতীয় পুরস্কারজয়ী বাঙালি পরিচালক সৃজিত মুখার্জি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আশা ভোঁসলে ও বিদ্যা বালানের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বেগম জান উইথ হার ভয়েস!’ দেশভাগ নিয়ে বাংলা ছবি রাজকাহিনীর হিন্দি সংস্করণ বেগম জান। সেখানেই প্লেব্যাকে গাইবেন আশা। তাঁর গানে ঠোঁট মেলাতে দেখা যাবে বিদ্যা বালানকে।
পরিচালক সৃজিত মুখার্জি বলেন, গানটিতে পাঞ্জাবি মুজরা গানের স্বাদ থাকবে। তাঁরা এমন একটি গান নিয়ে আসছেন, যা ‘উমরাও জান’ গানটিকে স্মরণ করিয়ে দেবে। গানটির সংগীতায়োজন করেছেন অনু মালিক। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মুম্বাই মিরর।