বিনা পারিশ্রমিকে পুরো গান!

পুরনো সেই গান এখন নতুন করে ঘুরছে সবার মুখে মুখে। ৯০ ’এর দশকের সংগীত তারকা কুমার শানু ‘আশিকি’ ছবির জন্য গেয়েছিলেন ‘ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা’ গানটি। এখন ২০১৫ সালে এসে সেই গানকে ভেঙেচুড়ে একেবারে নতুন রূপ দিলেন হানি সিং। আর সেই গানকে আরও চোখ ধাঁধানো করে তুললেন বলিউডের দুই তারকা হৃত্বিক রোশন ও সোনম কাপুর। তাঁদের নজরকাড়া প্রেমের রসায়ন এখন বলিউডে আলোচনার শীর্ষে। খবর বেরিয়েছে, এই গানটির ভিডিওতে কাজ করার জন্য হৃত্বিক ও সোনম কেউই কোনো পারিশ্রমিক নেননি। একেবারে বিনামূল্যে গানটির জন্য নিজেদের ঘাম ঝড়িয়েছেন এ দুজন।
এখন ভারতের সব মিউজিক টপচার্টের এক নম্বরে স্থান করে নিয়েছে নতুন রূপের ‘ধীরে ধীরে’ গানটি। এখন তো এই গানের জের ধরে আরও বড় সুখবর আসছে বলে জানা গেছে। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে একজন জানিয়েছেন, হৃত্বিক ও সোনমের রসায়নে সবাই মুগ্ধ। তাই এ জুটিকে নিয়ে টি-সিরিজ এখন আস্ত ছবি বানানোর পরিকল্পনা করছেন। অর্থাৎ হৃতিক-সোনমের বিনা পারিশ্রমিকের কাজটি বৃথা যায়নি। বরং লক্ষ্মী এতে আরও সুপ্রসন্ন হলো। একটি গানের বদলে এখন এই জুটি আসছে আস্ত ছবি নিয়ে!
এর আগে হৃত্বিক ও সোনমকে একসঙ্গে দেখা গিয়েছিল একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে। বিজ্ঞাপন থেকে মিউজিক ভিডিও, আর এখন মিউজিক ভিডিও থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সত্যিই তাহলে ‘ধীরে ধীরে’ পর্দায় ব্যাপ্তি বাড়ছে হৃত্বিক-সোনম জুটির। ডিএনএ ইন্ডিয়া।