বিনোদ খান্নার সেরা দশ
ছোট ছোট চরিত্র করতেন। একসময় পেতে থাকেন ভক্তদের অফুরন্ত ভালোবাসা। এরপর করা শুরু করেন প্রধান চরিত্র। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ভক্তদের হৃদয়ে আজীবনের জন্য জায়গা করে নেন বিনোদ খান্না। উপহার দেন একের পর এক চমৎকার সব ছবি। আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।
বিনোদ খান্নার স্মৃতির প্রতি শ্রদ্ধা। চলুন জেনে নেওয়া যাক তাঁর সেরা ১০ ছবির কথা।

১. ম্যায় তুলসি তেরে আঙ্গন কি : অজয় চৌহান চরিত্রে অভিনয় করেছেন বিনোদ খান্না। সঙ্গে ছিলেন নূতন। মারাঠি উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করেন রাজ খোসলা।
২. কুরবানি : ফিরোজ খান, জিনাত আমান ও বিনোদ খান্নার ছবি ‘কুরবানি’। ইতালির সিনেমা ‘দ্য মাস্টার টাচ’ অবলম্বনে তৈরি হয় ছবিটি। পরিচালনা করেন ফিরোজ খান নিজেই।
৩. খুন পাসিনা : ১৯৭৭ সালের হিন্দি অ্যাকশন ছবি। টাইগার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। শেরা চরিত্রে বিনোদ খান্না। পরিচালনা করেছেন রাকেশ কুমার।
৪. মেরে আপনে : গুলজারের পরিচালনায় বিনোদ খান্না অভিনীত ছবি। ছবিটি গুলজারের প্রথম ছবি। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘আপনজন’-এর রিমেক। বিনোদের সঙ্গে অভিনয় করেছিলেন মীরা কুমারী।
৫. চাঁদনি : যশ চোপড়ার ছবি। বিনোদের সঙ্গে অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও শ্রীদেবী।
৬. সত্যমেব জয়তে : ১৯৮৭ সালের রাজ এন সিপ্পি পরিচালিত সিনেমা। বিনোদ খান্না অভিনয় করেন ইন্সপেক্টর অর্জুন সিংয়ের চরিত্রে। সঙ্গে ছিলেন মীনাক্ষী শেষাদ্রী।
৭. পারবারিশ : একঝাঁক তারকার সমন্বয় ছিল ছবিটিতে। ছিলেন শাম্মী কাপুর, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, নিতু সিং, শাবানা আজমি, কাদের খানের মতো তারকারা।
৮. মুকাদ্দার কা সিকান্দার : অমিতাভ ও বিনোদ খান্না জুটির আরেকটি ছবি। পরিচালনা করেছেন প্রকাশ মেহরা। আরও অভিনয় করেছেন রাখি, রেখা ও আমজাদ খান।
৯. মেরা গাঁও মেরা দেশ : ধর্মেন্দ্র ও বিনোদ অভিনীত ছবি। ছবিতে বিনোদ খান্না খল চরিত্র করেন। নায়িকা ছিলেন আশা পারেখ।
১০. অমর আকবর অ্যান্থনি : বলিউডের জনপ্রিয় একটি অ্যাকশন কমেডি। প্রধান তিনটি চরিত্র ছিল তিনটি ধর্মের মানুষকে নিয়ে। ছবিতে অমরের চরিত্রটি করেন বিনোদ। আকবরের চরিত্রে ঋষি কাপুর এবং অ্যান্থনির চরিত্রে অমিতাভ বচ্চন।