বিনয়ী ক্যাপ্রিওর প্রশংসায় অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ ও লিওনার্দো ডিক্যাপ্রিও
অমিতাভ ও লিওনার্দো ডিক্যাপ্রিও

নস্টালজিক হয়ে পড়েছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে পুরোনো দিনের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন গতকাল। হিন্দিতে লেখা সেই স্মৃতিচারণায় বিগ বি জুড়ে দিয়েছেন বেশ কিছু পুরোনো ছবি। সেখানে রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে ২০১৩ সালের একটি ছবি। সেখানে ক্যাপ্রিওর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। 

টাম্বলারের ব্লগপোস্টে ক্যাপ্রিওকে বিনয়ী ও বাস্তববাদী বলে উল্লেখ করেছেন এই অভিনেতা। ২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য গ্রেট গ্যাটস্বি’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে দেখা হয় তাঁদের। অমিতাভ লিখেছেন, ‘শুরুতে কানের লাল গালিচায় ও পরে মঞ্চে তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে। ভীষণ বিনয়ী ও বাস্তববাদী তারকা তিনি। ভারতীয় ছবির শতবর্ষ উপলক্ষে হিন্দিতে স্বাগত বক্তব্য দিয়েছি।’
ব্লগপোস্টে রাশিয়ার চলচ্চিত্র উৎসবের কিছু টুকরো গল্প জুড়ে দিয়েছেন অমিতাভ। জানিয়েছেন, সেখানে গিয়েই নাকি জীবনে প্রথম অটোগ্রাফটি দিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘রাশিয়ার তাসখন্দে চলচ্চিত্র উৎসবে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন রাজ কাপুর জি, শশি জি। জয়ার (অমিতাভের স্ত্রী) সঙ্গে শ্বেতা ও অভিষেককে দেখাই যাচ্ছিল না। সেখানেই জীবনের প্রথম অটোগ্রাফটি দেয় অভিষেক।’

অমিতাভ বচ্চন তাঁর নতুন ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তির অপেক্ষায় আছেন। ছবিটিতে আছেন আমির খান। সম্ভবত বিগ বির সঙ্গে আমিরের এটাই প্রথম কোনো ছবিতে কাজ করা। অমিতাভকে আরও দেখা যাবে ‘২০১ নট আউট’ ছবিতে ১০২ বছরের এক বৃদ্ধের চরিত্রে। ঋষি কাপুরও রয়েছেন এই ছবিতে। এতে মূলত ঋষির বাবার চরিত্রে অভিনয় করছেন অমিতাভ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস