বিপদ থেকে বাঁচলেন অক্ষয়

সম্প্রতি এক ছবির শুটিংয়ে আগুনে জ্বলতে থাকা রিংয়ের ভেতর দিয়ে লাফিয়ে পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলিউডের তারকা অক্ষয় কুমার। রিংটা তাঁর পায়ে জড়িয়ে গিয়েছিল। দাউ দাউ করে জ্বলা আগুনের রিং সহ মাটিতে পড়ে যান তিনি। এ সময় অক্ষয়ের পায়ে জড়িয়ে যাওয়া রিংয়ে জ্বলতে থাকা আগুন তাঁর পায়েও লেগে গিয়েছিল। তবে, মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা ছবির কলাকুশলীরা দৌড়ে এসে সে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন। নইলে বেশ বিপদেই পড়তেন এই বলিউড তারকা।
যদিও টুইটারে এ দুর্ঘটনাকে খুব একটা গুরুত্ব না দিয়ে রক্ষা পাওয়ার বিষয়টা সাদামাটাভাবেই সবাইকে জানিয়ে দিয়েছেন অক্ষয়। কিন্তু বিষয়টা আসলেই বিপজ্জনক ছিল। অল্পের জন্য আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এমনিতে সাধারণ ফটোশুটের শুটিং মানেই নানা ঝকমারি। আর যদি শুটিংটা হয় চলচ্চিত্রের; তাহলে সত্যিই বিষম ঝামেলা। হোক সে গানের দৃশ্য কিংবা মারপিটের। অক্ষয় কুমারের সাম্প্রতিক এই শুটিং দুর্ঘটনাটিও তেমনই। দুর্ঘটনাটা ঘটেছিল ‘সিং ইজ ব্লিং’ ছবির একটি গানের শুটিং করার সময়।
ছবির ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে নিজের স্টান্ট বা বডি ডাবল খুব কমই ব্যবহার করেন অক্ষয় কুমার। প্রায় অধিকাংশ সময় নিজেই দাঁড়িয়ে যান মারপিট আর ঝুঁকির দৃশ্যগুলোতে অংশ নেওয়ার জন্য।
এদিকে, অক্ষয়ের এই দুর্ঘটনার ভিডিওটি ইউটিউবে আপলোড করেছে তাঁরই প্রোডাকশন হাউস গ্র্যাজিং গোট পিকচার্স। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে অক্ষয়ের পায়ে আগুন লেগে গেলেও রিংয়ের আগুন থেকে তিনি নিজেকে দ্রুত সরিয়ে নিচ্ছেন। সত্যিই, এ যাত্রা কপালটা ভালোই বলতে হবে এই খিলাড়ি তারকার।