বিপন্ন আফগানদের পাশে বলিউড
কাবুলের একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটছেন নির্মাতা সাহরা করিমি। ইনস্টাগ্রামে সেই ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘এটা কোনো ভয়ংকর ছবির দৃশ্য নয়। এটাই কাবুলের রাস্তা। গত সপ্তাহে এই শহরে চলচ্চিত্র উৎসব হচ্ছিল। আর এখন সবাই বাঁচার জন্য পালাচ্ছে।’ অন্য একটা ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাংকে টাকা তুলতে গেছেন সাহারা। কিন্তু সেই ব্যাংকও বন্ধ। ব্যাংক খালি করে দিচ্ছে তালেবান। ক্যাপশনে লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, বাস্তবে এসব ঘটছে। বড় পৃথিবীর মানুষদের বলছি, দয়া করে চুপ করে থাকবেন না। তাঁরা আমাদের মেরে ফেলবে।’
সৃষ্টিশীল মানুষদের রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি দিয়েছেন সাহরা করিমি । ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ সেই চিঠি শেয়ার করেছেন। অনুরোধ জানিয়েছেন শেয়ার করতে। ভারতীয় অনেক তারকাই আফগানিস্তান ইস্যুতে সরব। অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সারা বিশ্বে নারীরা যখন সমান অধিকারের জন্য লড়ছেন, তখন আফগানিস্তানের নারীদের বিক্রি করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের অবস্থা দেখে কষ্ট পাচ্ছি। বিশ্বনেতাদের অনুরোধ করছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য।’
অভিনেত্রী টিস্কা চোপড়া শৈশবের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘কাবুলে বড় হওয়ার মধুর স্মৃতি আজও মনে আছে। হৃদয়বিদারক ঘটনা ঘটছে। এই সুন্দর কিন্তু কষ্টে থাকা দেশটার জন্য শুভকামনা।’
আফগানিস্তান নিয়ে একাধিক টুইট করেছেন পরিচালক শেখর কাপুর। একটি টুইটে লিখেছেন, ‘আফগানিস্তানের মানুষের জন্য বিশেষ প্রার্থনা করছি। বিদেশি শক্তির ঔপনিবেশিক উদ্দেশ্য পূরণের জন্য একটা গোটা দেশ ধ্বংস হয়ে গেল।’
অভিনেত্রী সোনি রাজদান ভারতের স্বাধীনতা দিবসে লিখেছিলেন, ‘একটা দেশ যখন স্বাধীনতা উদ্যাপন করছে, অন্য একটি দেশ তখন স্বাধীনতা হারাল।’
এ ছাড়া বলিউড পরিচালক কবির খানের মোবাইলে বারবার আফগানিস্তানের শিল্পীদের বাঁচাতে মেসেজ এসেছে। ‘কাবুল এক্সপ্রেস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন কবির খান। আফগানিস্তানেই হয়েছিল শুটিং। সেখানকার স্থানীয় লোকজনদের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল।