বিপাশা-করণের 'দীপাবলি সেলফি'

বলিউডের তারকা জুটি বিপাশা বসু আর করণ সিং গ্রোভার। তাঁদের নিয়ে নানা জল্পনা কল্পনায় ব্যস্ত বলিউডের সংবাদমাধ্যমগুলো। কিন্তু এখন পর্যন্ত এ দুজন কখনোই নিজেদের প্রেম বা সম্পর্ক নিয়ে টু শব্দটিও করেননি। যদিও বিশেষ দিন কিংবা বিশেষ কোনো আয়োজনে সব সময় তাঁদের জুটিতেই দেখা মেলে। মুখে কিছু না বললেও সম্প্রতি দীপাবলি উৎসবের সময়ে তোলা এক সেলফিতে দুজনের ঘনিষ্ঠতা আর অন্তরঙ্গ হাসিই কিন্তু তাঁদের হয়ে অনেক কথাই বলে দিয়েছে।
করণকে ‘ভালো বন্ধু’ হিসেবেই বিভিন্ন সময় পরিচয় করিয়ে দিয়েছেন বিপাশা। কিছুদিন আগে করণ সিং গ্রোভার অভিনয় করেছেন ‘হেট স্টোরি ৩’ ছবিতে। যদিও এ ছবিতে বিপাশা করণের সঙ্গে ছিলেন না। কিন্তু বিপাশা জানিয়েছিলেন, তাঁর শুভকামনা করণ সিংয়ের সঙ্গেই আছে।
যদিও সে সময় অনেকেই ধারণা করেছিলেন দুজনের মধ্যে এই সিনেমাটি নিয়েই হয়তো কোনো কলহ বা মনোমালিন্যের সৃষ্টি হবে। কিন্তু দুজনের সম্পর্কে তা কোনো ধরনের প্রভাবই ফেলতে পারেনি।
ছোটপর্দার ‘কবুল হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে প্রথম আলোচনায় এসেছিলেন করণ সিং গ্রোভার। এরপর হঠাৎই বড়পর্দায় জুটি বাঁধেন ‘বং বিউটি’ বিপাশা বসুর সঙ্গে। এর কিছুদিন পরেই খবর প্রকাশিত হয় যে, বিপাশা-করণ প্রেম করছেন।

তবে, এখনো পর্যন্ত প্রেম নিয়ে এ দুজন কোনো কথাই স্পষ্ট করে জানাননি। এ বছরের শুরুর দিকে ছোটপর্দার নায়ক করণ সিং গ্রোভার বিপাশার সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘অ্যালোন’ ছবিতে। আর এরপর থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা। ইদানীং বিভিন্ন অনুষ্ঠান-পার্টি কিংবা বড় কোনো আয়োজন হলেই জুটিতে দেখা মেলে এ দুজনের। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই তাঁদের ছবি পোস্ট করেন করণ-বিপাশা। দীপাবলি উৎসবে তোলা সাম্প্রতিক এই সেলফি কেবল একটি উদাহরণ মাত্র।
করণ-বিপাশা এ বছরের শুরুর দিকে একসঙ্গে মালদ্বীপেও বেড়িয়ে এসেছেন। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একান্ত অবসরের এ সময়টা বিপাশা তাঁর নতুন প্রেমিকের সঙ্গে ভালোই কাটিয়েছেন। আর এত কিছুর পরেও নিজেদের কেবল ‘ভালো বন্ধু’ বলেই উল্লেখ করছেন তাঁরা।
প্রসঙ্গত, ছোটপর্দায় ‘কবুল হ্যায়’, ‘দিল মিল গায়া’ মেগা সিরিয়াল এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া করণ এবং জেনিফার উইংগেটের দুই বছরের সংসার জীবনের ইতি ঘটেছে গত বছর নভেম্বরে। এর আগে করণ বিয়ে করেছিলেন শ্রদ্ধা নিগমকে। বর্তমানে তিনি বিপাশা বসুর ‘ভালো বন্ধু’।