বিপাশা-গুঞ্জনে ক্লান্ত!

বছর দুয়েক আগে বিপাশা বসু ও রানা দাগুবতীর প্রেমের খবর চাউর হয়েছিল বলিউডে। এরপর সেই গুঞ্জন থেমে গেলেও গত ডিসেম্বর মাসে রানার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বিপাশাকে দেখা যাওয়ার পর আবার এই জুটির প্রেমের গুঞ্জন ডালপালা মেলে। রানা বিষয়টিকে বার বার অস্বীকার করার পরও থামছে না সেই গুঞ্জন। বিপাশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে রীতিমতো ক্লান্ত বলেই সম্প্রতি জানিয়েছেন ৩০ বছর বয়সী এ তারকা অভিনেতা।
এ প্রসঙ্গে রানা বলেন, ‘বিপাশা এবং আমার সম্পর্ক কেমন, তা বহুবার আমি খোলাসা করেছি। কিন্তু মনে হচ্ছে, কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি যা-ই করি কিংবা বলি না কেন, কোনো না কোনোভাবে বিপাশার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। ’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
রানা আরও বলেন, ‘আমার কাছের কয়েকজন বন্ধুর মধ্যে বিপাশা অন্যতম। আমাদের এই বন্ধুত্ব অনেক দিনের। মুম্বাইয়ে আমার অনেক বন্ধু আছে। তাদের সবার সঙ্গেই আমি নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করি। আর সব বন্ধুর মতো বিপাশার সঙ্গেও আমার দেখা সাক্ষাৎ হয়। আমার জন্মদিন উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে স্রেফ বন্ধু হিসেবে এসেছিল বিপাশা। ব্যস, এতটুকুই। আমি সত্যিই জানি না, কেন আমাকে আর বিপাশাকে জড়ানো হচ্ছে। ’