বিপাশা মা হচ্ছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা বসু ও করণ সিং গ্রোভার
বিপাশা বসু ও করণ সিং গ্রোভার

অনেক দিন পর আবার খবর হলো বলিউড তারকা বিপাশা বসুকে নিয়ে। শোনা যাচ্ছে, বিপাশা বসু নাকি মা হচ্ছেন। সম্প্রতি বিপাশাকে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী করণ সিং গ্রোভার। এরপর তাঁকে নিয়ে বলিউডে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে সব জল্পনা-কল্পনা তুড়ি মেরে উড়িয়ে দেন এই বঙ্গ সুন্দরী। বিপাশা জানিয়েছেন, এখন তাঁর এ ধরনের কোনো পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তাঁর ব্যাপারে যেন এসব কথা বলা বন্ধ করা হয়।

২০১৬ সালের এপ্রিল মাসে মডেল ও অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। এরপর এই দম্পতি বলিউড থেকে নিজেদের দূরে রেখেছেন। দীর্ঘ মধুচন্দ্রিমা কাটিয়ে দেশে ফেরার পর কোনো ছবিতে দেখা যায়নি বিপাশাকে। সম্প্রতি শোনা যায়, প্রেরণা অরোরা প্রযোজিত ছবিতে নাকি এই বঙ্গ ললনা অভিনয় করবেন। তবে তা এখনো নিশ্চিত হয়নি।

বিপাশা-করণকে একসঙ্গে দেখা যায় এক বিজ্ঞাপনে। শোনা যাচ্ছে, এই দম্পতি নাকি পর্দায় আবার একসঙ্গে ফিরতে যাচ্ছেন। তবে বড় পর্দা নয়, ছোট পর্দায় আসছেন তাঁরা। স্টার প্লাসের রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান নেক্সট সুপারস্টার’-এর বিচারকের প্যানেলে এই তারকা দম্পতিকে দেখা যাবে। এর আগে ছোট পর্দায় বিপাশা আর করণকে দেখা যায়। তবে একসঙ্গে নয়। করণ টিভি সিরিয়াল ‘দিল মিল গয়া’তে ডাক্তার আরমান মালিকের চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলেন। আর বিপাশা ভৌতিক টিভি শো ‘ডর সবকো লাগতা হ্যায়’ সঞ্চালনা করেন।