বিপাশার জন্য গান লিখলেন করণ

প্রিয়তমার জন্য মানুষ কত কিছুই না করে। প্রেমে পড়ে কবি হয়ে ওঠাও তো নতুন কিছু নয়। সম্প্রতি বলিউড অভিনেতা করণ সিং গ্রোভার তাঁর স্ত্রী অভিনেত্রী বিপাশা বসুর জন্য একটি প্রেমের গান লিখেছেন। ‘রাইট অ্যাজ রেইন’ শিরোনামের এই গান সম্পর্কে করণ বলেন, ‘বিপাশার সঙ্গে থাকতে আমার যেমন লাগে বা সে আমাকে যেমন বোধ করায়, সেই উপলব্ধি থেকেই এই গান লেখা।’
অভিনেতা হলে কী হবে, করণ কিন্তু রোজই গানবাজনার অনুশীলন করেন। ব্রিটিশ রক ব্যান্ড ‘ডাইনোসর পাইল আপ’-এর সঙ্গে খুব শিগগির পরিবেশনা নিয়ে আসবেন বলেও জানান এই তারকা।
বিপাশা ও করণ এই বছরের এপ্রিলেই গাঁটছড়া বাঁধেন। কলকাতার মেয়ে বিপাশার সঙ্গে বাঙালি রীতিতেই বিয়ে হয় করণের। একসঙ্গে তাঁরা প্রথম অভিনয় করেছিলেন ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অ্যালোন’ ছবিতে। খুব অল্প সময়েই দুজনের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি হয়ে যায়। কিছুদিন প্রেমের পর এই জুটি বিয়ের সিদ্ধান্ত নেন। এটি করণের তৃতীয় বিয়ে হলেও বিপাশার এটিই প্রথম বিয়ে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।