বিপাশার পিপাসা

পর্দার বাইরে একটু অদ্ভুতুড়ে, মজার মানুষ হিসেবেই তিনি পরিচিত কাছের মানুষের। কিন্তু বিপাশা বসুর সিনেমাগুলো দেখে কেউ এটা বিশ্বাসই করবে না। কেন জানি, সব সময় সিরিয়াস কাহিনি নিয়ে বানানো গল্পই বিপাশার কপালে বেশি জোটে। হেরা ফেরির মতো প্রস্তাব বেশি পান না। বিপাশা তাই ভীষণ মুখিয়ে আছেন কমেডি ছবি করতে। শুধু তা-ই নয়, নারীদের নিয়ে কৌতুক করে ছবি বানানো স্পর্শকাতর হলেও এ ধরনের গল্পে কাজ করতেও তাঁর আপত্তি নেই।
বিপাশা বলেন, ‘আমি ব্রিজেট জোন্সস ডায়েরির মতো ছবি করতে চাই। সত্যিকারের জীবনে তো আমি মজার, একটু অদ্ভুতই। কিন্তু এ ধরনের ছবি কখনো করা হয়নি।’
আরেকটি ‘সিরিয়াস’ ছবি নিয়ে হাজির হচ্ছেন বিপাশা। অদ্ভুত বীভৎস পশু নিয়ে ফ্যান্টাসি ধরনের ছবি ক্রিয়েচার থ্রিডি। তবে বিপাশার ইচ্ছা অন্য রকম। এমনকি বাইশে শ্রাবণ-অটোগ্রাফ ধরনের ছবিগুলোও তাঁর ভীষণ প্রিয়। সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন এই বাঙালি অভিনেত্রী। আইএএনএস।