বিপাশার বধূ-প্রশিক্ষণ

বলিউডের সবচেয়ে সুন্দরী ‘বধূ’ তিনি। চরিত্রের প্রয়োজনে নকল বউ অনেকবারই সেজেছেন। তবে সত্যিকারের বউ যেদিন সাজলেন, বিপাশা বসুর সেই বধূবেশ চমকে দিয়েছিল অনেককে। ফুটে উঠেছিল আলাদা এক সৌন্দর্য। বিপাশার বিয়ের সেই ছবিগুলো দেখে অনেক তরুণীই ভেবেছেন, ‘ইশ্, এমনটা যদি আমার বিয়েতেও সাজতে পারতাম!’ বিপাশা এনে দিয়েছেন সেই সুযোগ।
রুপালি পর্দায় নিজের ক্যারিয়ার একরকম গুটিয়েই এনেছেন। এবার বিপাশা ব্রাইডাল-গ্রুমিং ব্যবসায় নামছেন। বিপাশার এই নতুন প্রতিষ্ঠান একজন মেয়েকে সেসব প্রশিক্ষণ দেবে, যা তাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবের দিনটায় করে তুলবে আকর্ষণীয়। আলাদা করে নজর কাড়বে সবার।
তাঁর এক সূত্র জানিয়েছে, বিপাশার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে বানের স্রোতের মতো ছড়িয়ে যাওয়ার পর তিনি নিজে কয়েক হাজার প্রশ্ন পেয়েছেন। পাচ্ছেন। প্রায় সবই মেয়েদের। সবার জিজ্ঞাসা, ‘বিয়েতে আমি কী পরব, কীভাবে সাজব। সবাইকে তো আলাদা করে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এ জন্য বিপাশা একরকম ‘কোচিং সেন্টার’ই খুলতে চলেছেন।
গত মে মাসে করন সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। স্পটবয়।