বিপাশার ভিন্ন সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা, শাহরুখ, সালমান, আমির
বিপাশা, শাহরুখ, সালমান, আমির

বলিউডের বেশির ভাগ অভিনেত্রীই প্রভাবশালী তারকা অভিনেতা শাহরুখ, সালমান ও আমির এই তিন খানের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন। কিন্তু সম্প্রতি ভিন্ন সুরেই কথা বললেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু। তিনি জানিয়েছেন, খানদের সঙ্গে কাজ করার কোনো রকম ইচ্ছা তাঁর নেই।
এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘বলিউডের খানদের সঙ্গে কাজ করার কোনো রকম ইচ্ছা আমার নেই। তা ছাড়া, যেসব অভিনেত্রী খানদের সঙ্গে অভিনয় করেছেন, তাঁরা এখন ফুরিয়ে গেছেন।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
বিপাশা আরও বলেন, ‘আজকাল অভিনেত্রীরা একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করছেন। একবার কোনো চরিত্রে অভিনয় করে সাফল্য পেলে পরবর্তী সময়েও তাঁদের ঠিক একই ধরনের চরিত্রে দেখা যায়। যেমন—কোনো অভিনেত্রী একবার পাঞ্জাবি নারী কিংবা কলেজছাত্রীর ভূমিকায় অভিনয় করে সাফল্য পেলে বারবার তেমন চরিত্রেই অভিনয় করেন।’
তবে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য বলিউডের একমাত্র অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করেছেন বিপাশা। তাঁর মতে, ‘বিদ্যা বালানকেও কিন্তু বরাবরই একই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। শুধু প্রিয়াঙ্কা চোপড়া ভিন্নধর্মী অনেক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। বলা যায়, বলিউডে তিনিই একমাত্র অভিনেত্রী, যাঁর এমন সৌভাগ্য হয়েছে।’
সহ-অভিনেতা ডিনো মোরিয়া, জন আব্রাহামের পর কিছুদিন আগে হারমান বাওয়েজার সঙ্গেও বিপাশার প্রেম ভেঙে গেছে। একের পর এক ব্যর্থ প্রেমের পরও তা নিয়ে যেন কোনো আফসোস নেই—এমন সুরেই কথা বলেছেন বিপাশা। তিনি বলেন, ‘কে বলেছে প্রেমের ক্ষেত্রে আমি সৌভাগ্যবান নই? আমি বিয়ে প্রথায় বিশ্বাস করি। কিন্তু তার মানে এই নয় যে, কেবল বিয়ের পরই ভালো একটি সম্পর্ক উপভোগ করা যায়। আমার মা এটা বিশ্বাস করেন, আমি না।’

আরও পড়ুন: