বিবারের গান শুনতে যাবেন বরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান

ভারতে গান গাইতে আসছেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। মে মাসের ১০ তারিখে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিবারের ভারতীয় ভক্তরা টিকিট কাটতে শুরু করেছেন। এ ভক্ত তালিকায় অনেক বলিউড তারকাও রয়েছেন বলে জানা গেছে। আর বলিউড বাসিন্দাদের মধ্যে প্রথম টিকিটটি কিনেছেন অভিনেতা বরুণ ধাওয়ান।

বরুণ নাকি জাস্টিন বিবারের বিশাল ভক্ত! তাই এই গায়কের পরিবেশনা সামনে থেকে উপভোগ করার সুযোগটি আর হাতছাড়া করতে চাননি বরুণ। এ জন্য আগে ভাগেই কেটে ফেলেছেন কনসার্টের টিকিট। এদিকে বরুণ এখন তাঁর আসন্ন ছবি ‘বদরিনাথ কি দুলহানিয়া’-এর প্রচারে ব্যস্ত। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন আলিয়া ভাট। বরুণ তাঁর প্রিয় শিল্পী বিবারকে এই ছবিটি দেখাতে চান বলেও জানিয়েছেন। তবে, বিবার তাঁর ছবি দেখুক আর না দেখুক, বরুণ যে বিবারের গান শোনার অপেক্ষায় বসে আছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

জাস্টিন বিবার
জাস্টিন বিবার

হোয়াইট ফক্স ইন্ডিয়ার ব্যবস্থাপনায় ভারতে আসছেন জাস্টিন বিবার। একটি সূত্র জানায়, এই কনসার্টের পেছনে ২৬ কোটি রুপির বেশি অর্থ খরচ হচ্ছে। ভারতের ইতিহাসে এত ব্যয়বহুল কোনো কনসার্ট কখনো আয়োজিত হয়নি। তাই বলা যেতে পারে, বিবারের হাত ধরে ভারতের কনসার্টে গড়ে উঠতে যাচ্ছে এক নতুন ইতিহাস। হিন্দুস্থান টাইমস।