বিমানবালাকে সোনমের শ্রদ্ধা

১৯৮৬ সালের ঘটনা। পাকিস্তানের করাচিতে প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ বোয়িং ৭৪৭-১২১ নামের বিমানটি হাইজ্যাক হয়। বিমানে যাত্রী ছিলেন ৩৬০ জন। আর ছিলেন ২৩ বছর বয়সী অকুতোভয় বিমানবালা নির্জা ভানত। ভারতীয় এই নারী সেদিন বাঁচিয়েছিলেন সেই ৩৬০টি প্রাণ। কীভাবে? তা জানতে হলে অপেক্ষা করতে হবে সোনম কাপুরের আগামী ছবির জন্য।
বলিউডের ফ্যাশন ডিভা সোনম এরই মধ্যে শুটিং শুরু করে দিয়েছেন নির্জার চরিত্রে। চলচ্চিত্রের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে সোনম তাঁর প্রস্তুতির কোনো কিছুই অপ্রকাশিত রাখেননি। নির্জাকে জানার কোনো চেষ্টা বাকি রাখছেন না তিনি। সোনম পদে পদে প্রকাশ করছেন নির্জার প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধা। সম্প্রতি প্রয়াত নির্জার জন্মদিনেও তাঁকে স্মরণ করেছেন সোনম। একটি টুইটে সেই অকুতোভয় নারীর কথা স্মরণ করে লিখেছেন, ‘সেই অদম্য আত্মার প্রতি, সেই সাহসের প্রতি, সেই নির্জা ভানতের প্রতি আমার বিনম্র সালাম।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।